পদত্যাগ করছেন সাভার উপজেলা চেয়ারম্যান!
প্রয়োজনে দল ও চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ কবির। গতকাল মঙ্গলবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি এ ইঙ্গিত দেন। এদিকে সাভার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গতকাল যথারীতি অফিসে উপস্থিত থেকে দাপ্তরিক কাজকর্ম করেছেন। ক্ষমতাসীন দলের নেতা ও উপজেলা চেয়ারম্যানের হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করার এক দিন পর গতকাল তাঁরা অফিস করেন।প্রথম আলোর সঙ্গে আলাপকালে উপজেলা চেয়ারম্যান বলেন, ‘আমার বিরুদ্ধে আমার কর্মকর্তারা থানায় জিডি করেছেন, এর চেয়ে লজ্জাজনক আর কী হতে পারে? আমার মান-সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়েছে। তাই আমি নীরব হয়ে গেছি। ছুটি নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছি। প্রয়োজনে দল ও চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করব।’গতকাল বেলা ১১টার দিকে সরেজমিনে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাড়া প্রথম শ্রেণীর সব কর্মকর্তাকে নিজ নিজ আসনে উপস্থিত পাওয়া গেছে। অধিকাংশ অফিসেই আলোচনার মূল বিষয় ছিল প্রথম আলোর প্রতিবেদন। তবে গতকালও সংবাদকর্মীদের কাছে কেউ মুখ খুলতে চাননি।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সকালে সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রকনুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুন্নী হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মতিন সরকারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাব্বী মিয়ার কার্যালয়ে ডেকে পাঠানো হয়। সেখানে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক চলে। এরপর কর্মকর্তারা যার যার অফিসে চলে যান। ইউএনও মো. রাব্বী মিয়া বৈঠকের ব্যাপারে কোনো কথা বলেননি। তবে সমাজসেবা কর্মকর্তা মো. রকনুল হক বলেন, ‘দাপ্তরিক প্রয়োজনে ইউএনওর সঙ্গে আমাদের যেকোনো ধরনের বৈঠক হতেই পারে।’সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ গতকাল সকাল ১০টায় সাভার উপজেলা পরিষদে তাঁর দলীয় কার্যালয়ে উপস্থিত হন। এরপর তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে কিছু সময়ের জন্য ইউএনও রাব্বী মিয়াও উপস্থিত ছিলেন। সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ বলেন, ‘দলীয় বিষয়ে নেতা-কর্মীদের সঙ্গে আমার আলোচনা হয়েছে, অন্যকোনো বিষয়ে নয়।’সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা প্রথম আলোকে বলেন, দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এমন কাজের সঙ্গে দলের অধিকাংশ নেতা-কর্মীর কোনো সংশ্লিষ্টতা নেই। তবে কতিপয় নেতা যা করছেন তা বিব্রত হওয়ার মতো।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে পাঁচ কর্মকর্তা সাধারণ ডায়েরি করার পর তদন্তকাজ অব্যাহত আছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।