পদত্যাগ করতে চান গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট গিলানিকে আজ সোমবার আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেন। সেই সঙ্গে এই সপ্তাহের মধ্যেই তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবনে আদালতের আদেশ পালন না করায় গিলানিকে অভিযুক্ত করা হয়েছে।আজ সুপ্রিম কোর্টের বিচারক নাসির উল মূলক জানান, সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর প্রতি আদালত অবমাননার নোটিশ জারি এবং ১৯ জানুয়ারি ব্যক্তিগতভাবে তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।এদিকে এই আদেশ পাওয়ার পর পাকিস্তান পিপলস পার্টির ঊর্ধ্বতন নেতা এবং ক্ষমতাসীন জোটের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে গিলানি জানান, তিনি যেকোনো সময় পদত্যাগ করতে প্রস্তুত। জানা গেছে, ওই বৈঠকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও যোগ দেবেন।এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে তাঁদের পদে অযোগ্য ঘোষণা করতে দেশটির সর্বোচ্চ আদালতে একটি আবেদন করা হয়।দেশটির জ্যেষ্ঠ আইনজীবী ওয়াহাব আল খায়রি সুপ্রিম কোর্টে এ আবেদন দাখিল করেন। দ্য ডন পত্রিকার অনলাইন এ খবর জানিয়েছে।বিদেশি ব্যাংক থেকে পাকিস্তানের জাতীয় সম্পদ ফিরিয়ে আনতে প্রেসিডেন্ট জারদারিকে নির্দেশ দেওয়ার জন্য ওই আবেদনে সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করা হয়েছে। আবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট জারদারি ও তাঁর সহযোগীরা দেশে লুটপাট করেছেন।আইনজীবী খায়রি আরও অভিযোগ করেন, প্রেসিডেন্ট বিদেশে সম্পদ রক্ষণাবেক্ষণ ও বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ জমাচ্ছেন। খায়রি তাঁর আবেদনে প্রেসিডেন্ট জারদারির কাছে ‘জি হুজুর’ হয়ে ওঠার জন্য প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকেও দোষারোপ করেছেন।আবেদনে উল্লেখ করা হয়েছে, সেনাপ্রধানের অমর্যাদা পুরো পাকিস্তানি জাতির অবমাননা এবং তা করা হয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইকে ধ্বংস করার জন্য। বাসস, টাইমস অব ইন্ডিয়া।