পদত্যাগ করতে পারি বলেও করেননি রনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনি আজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, ‘পদত্যাগ করতে পারি।’ দুপুরের পর তিনি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে যান। সেখান থেকে বের হয়ে বললেন, ‘আজ পদত্যাগ করছি না।’ ১০ মিনিট পর সংবাদ বিফ্রিংয়ে বললেন, সংসদ বা সরকার বিব্রত হলে এবং দল নির্দেশ দিলে তিনি পদত্যাগ করবেন। ইনডিপেনডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ এবং এ নিয়ে পাল্টাপাল্টি মামলাকে কেন্দ্র করে পটুয়াখালী-৩ আসনের সাংসদ গোলাম মাওলাকে নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে। আজ সকাল থেকে তাঁর পদত্যাগের গুঞ্জনকে কেন্দ্র করে ঘটনা নাটকীয় রূপ নেয়। তবে শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেননি। আজ বেলা পৌনে তিনটার দিকে হুইপ আ স ম ফিরোজকে নিয়ে গোলাম মাওলা স্পিকার শিরীন শারমিনের কক্ষে প্রবেশ করেন। স্পিকারের সঙ্গে আলোচনা শেষে তিনি সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘একটি ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়েছে। আমার ব্যক্তিগত অনুভূতি, সাংসদ হিসেবে আমার কিছু প্রিভিলেজ (সুবিধা) আছে। কেউ মনে করতে পারেন, আমার প্রিভিলেজের কারণে মামলা প্রভাবিত হয়েছে। এ কারণে পদত্যাগ করতে পারি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম।’স্পিকারের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে গোলাম মাওলা বলেন, ‘স্পিকারের কাছে জানতে চেয়েছি আমার আচরণে সংসদ বিব্রত কি না। দলের কিছু করার আছে কি না।’ জবাবে স্পিকার বলেছেন, এর মধ্যে সংসদের বিব্রত হওয়ার কিছু নেই। দলের কোনো বিষয় থাকলে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে বলেছেন। আমি মনে করি যেহেতু এলাকার লোকজন আমাকে ভোট দিয়েছেন, তাই তাঁদের সঙ্গে আলোচনার দরকার আছে। তা ছাড়া আমি একটি দলকে প্রতিনিধিত্ব করি। সুতরাং দলের নেতৃত্বের সঙ্গে কথা বলব। প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলব। দল, সংসদ বা সরকার যদি বিব্রত হয়, তবে আমি পদত্যাগ করব। তবে দলের কেউ এখন পর্যন্ত আমাকে বলেননি যে আমার কারণে দল বিব্রত।’সংবাদকর্মীকে লাথি মেরেছেন কি না জানতে চাইলে গোলাম মাওলা বলেন, ‘আমি শৃঙ্খলা ভঙ্গ করিনি। আমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুগভীর চক্রান্ত চলছে। ওই দিন আমি সেলফ ডিফেন্সের (আত্মরক্ষা) জন্য যা করেছি, তাতে আইন ভঙ্গ করিনি। লাথি মারিনি। গেট আউট বলেছি। আমার কাছে এ-সংক্রান্ত ফুটেজ আছে।’ তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে শেয়ারবাজার কেলেঙ্কারি নিয়ে কথা বলছি। সালমান এফ রহমান সম্পর্কে অনেক কথা বলেছি। দলের কেউ আমাকে নিষেধ করেননি। সালমান এফ রহমান সম্পর্কে কিছু মিথ আছে। তিনি অনেক শক্তিশালী। কিন্তু আমি মনে করি তিনি দলের কেউ নন। দলকে আমি যেভাবে বিলং (ধারণ) করি, তিনি সেভাবে করেন না। সাংবাদিকদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। বিরোধ ইনডিপেনডেন্ট টেলিভিশনের কর্তৃপক্ষের সঙ্গে। আদালতের মাধ্যমেই এর সমাধান হবে।’ তিনি জানান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদকর্মী তাঁর ব্যক্তিগত সম্পত্তিতে অনুপ্রবেশ করেছেন এবং গোপনীয়তা ভঙ্গ করেছেন। এ জন্য তিনি হাইকোর্টে মানহানি ও অনধিকার প্রবেশের বিষয় উল্লেখ করে দুটি মামলা করবেন।