পদত্যাগ করলে আসাদের জন্য নিরাপদ প্রস্থান!
পদত্যাগ করলে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ ও তাঁর পরিবারের সদস্যদের ‘নিরাপদ প্রস্থানের’ ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন আরব লিগের মহাসচিব নাবিল আলারাবি।যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান-এর অনলাইনে প্রকাশিত এক খবরে আজ সোমবার বলা হয়, সকালে কাতারের রাজধানী দোহায় আরব লিগের অন্তর্ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নাবিল আলারাবি তাঁর প্রস্তাবের ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানাননি।প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া সিরিয়ার শরণার্থীদের জন্য আরব লিগ ১০ কোটি ডলার বরাদ্দের সিদ্ধান্তও নেয়।তিউনিসিয়ার প্রেসিডেন্ট মোন্সেফ মারজোউকি গত ফেব্রুয়ারিতে আসাদকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আসাদ সে ব্যাপারে বা ক্ষমতা ছাড়ার বিষয়ে কোনো আগ্রহ প্রকাশ করেননি। গত রোববার সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীদের ছোট ঘাঁটিগুলোর ওপর সেনাবাহিনী আক্রমণ চালিয়ে বিদ্রোহীদের পিছু হটিয়ে দেয়।বিদ্রোহীদের হাতে আসাদের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা নিহত হওয়ার পর গত রোববার নতুন সেনাপ্রধানের উদ্দেশে আসাদ এক বিবৃতিতে ‘বিদ্রোহীদের বিরুদ্ধে সশস্ত্র ব্যবস্থা চালিয়ে যাওয়ার’ নির্দেশ দেন। আজ সোমবার পর্যন্ত দামেস্ক ও আলেপ্পো শহর দুটিতে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিদ্রোহীরা বলছে, গত রোববার সরকারি বাহিনী দামেস্কর উপশহর মেজ্জেহ দখলে নেওয়ার পর ২০ জন নিরস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে। নিহত ব্যক্তিরা বিদ্রোহীদের সহায়তা করায় সেনাবাহিনী তাদের হত্যা করে বলে দাবি করেছে বিদ্রোহীরা।গত বুধবার বিদ্রোহীদের আক্রমণে আসাদের চারজন প্রধান সহযোগী নিহত হলে সরকারি বাহিনী বিদ্রোহীদের দমন করতে ব্যাপক অভিযান শুরু করে।