মালদ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ গতকাল মঙ্গলবার পদত্যাগ করেছেন। কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভ এবং কিছু পুলিশ কর্মকর্তার বিদ্রোহের কারণে তিনি পদত্যাগ করলেন।সেনা কর্মকর্তারা একজন জ্যেষ্ঠ বিচারককে গ্রেপ্তারের পর সংকট শুরু হয়। গতকাল নাশিদ পদত্যাগের পর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ হাসান প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তিনি নাশিদের মেয়াদকাল অর্থাৎ ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব্ব পালন করবেন।প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সূত্র জানায়, মালদ্বীপের সাবেক শাসকগোষ্ঠীর ইন্ধনে অভ্যুত্থান করা হয়েছে। সেনাবাহিনী নাশিদকে পদত্যাগের জন্য চাপ দিয়েছে। তবে সেনাবাহিনী এবং ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদের দপ্তর কোনো ধরনের অভ্যুত্থানের অভিযোগ নাকচ করে দিয়েছে।গতকাল টেলিভিশনে দেওয়া ভাষণে মোহাম্মদ নাশিদ বলেন, ‘চলমান পরিস্থিতিতে আমি পদত্যাগ করলে দেশের জন্য মঙ্গলজনক হবে। আমি কঠোর হাতে দেশ পরিচালনা করতে চাই না, তাই পদত্যাগ করছি।’ পরে প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে দেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়।নাশিদের পদত্যাগের ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছে সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল প্রগ্রেসিভ পার্টি অব দ্য মালদ্বীপ (পিপিএম)। মামুন আবদুল গাইয়ুম বলেন, নাশিদের পদত্যাগের খবরে তিনি স্বস্তিবোধ করছেন। এএফপি, রয়টার্স ও বিবিসি অনলাইন