আইপিএলের দল নিয়ে সৃষ্ট জটিলতা
পদত্যাগ করলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর
শেষ পর্যন্ত চলেই যেতে হলো ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুরকে। বহুল আলোচিত আইপিএলের একটি দল কেনাকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতায় জড়িয়েই পদত্যাগ করতে হলো তাঁকে। গতকাল রোববার রাতে থারুর প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে তাঁর পদত্যাগপত্র পেশ করেন।এর আগে শশী থারুরের বিষয় নিয়ে ক্ষমতাসীন কংগ্রেসের নীতি-নির্ধারণী (কোর গ্রুপ) পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয় সভানেত্রী সোনিয়া গান্ধীর সভাপতিত্বে। এতে কংগ্রেসের শীর্ষ পর্যায়ের নেতা প্রণব মুখোপাধ্যায় ও এ কে অ্যান্থনি শশী থারুরের বিপক্ষে আচরণবিধি-সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন। এরপর সোনিয়া-মনমোহন বৈঠকের পরপরই মনমোহন সিংয়ের সরকারি বাসভবনে এসে পদত্যাগ করেন শশী থারুর। ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ইতিমধ্যেই থারুরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানা গেছে। ৫৪ বছর বয়সী জাতিসংঘে ভারতের সাবেক কূটনীতিক শশী থারুরের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর বান্ধবী আবুধাবিভিত্তিক ব্যবসায়ী সুনন্দা পুস্করের কাছ থেকে প্রায় ৭০ কোটি রুপির বিনিময়ে আইপিএলের বহুল আলোচিত ফ্র্যাঞ্চাইজ কোচির চার শতাংশ মালিকানা স্বত্ব গ্রহণ করেছিলেন। এ অভিযোগে ভারতের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রায় সপ্তাহব্যাপী চলা এ বিতর্কের জের ধরেই পদত্যাগে বাধ্য হলেন শশী থারুর। ২০০৯ সালের মে মাসের লোকসভা নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণের পর শশী থারুরই কংগ্রেস নেতৃত্বধীন ইউপিএ সরকারের প্রথম মন্ত্রী, যাঁকে দুর্নীতির দায় মাথায় নিয়ে পদত্যাগ করতে হলো।