পদত্যাগ করলেন সেন্টপল ক্যাথিড্রেল ডিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শনার্থী ও প্রার্থনা করতে আসা মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে দুই সপ্তাহ আগে বন্ধ করা হয়েছিল লন্ডনের সেন্টপল ক্যাথিড্রেল। নানামুখী চাপ ও শহরের ভারসাম্য রক্ষার স্বার্থে শুক্রবার থেকে আবার খুলে দেওয়া হলেও এখনো আঙিনায় রয়েছে বিক্ষোভকারীদের তাঁবুসহ নানা সরঞ্জাম। চলমান পুঁজিবাদ-বিরোধী বিক্ষোভ নিয়ে ব্যক্তিগত অবস্থান অনেকটা সাংঘর্ষিক হওয়ায় গত সপ্তাহে পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন লন্ডন সেন্টপল ক্যাথিড্রেল চ্যান্সেলর ক্যানন জাইলস ফ্রেজারস। আর গতকাল পদত্যাগ করলেন ক্যাথিড্রেল ডিন গ্রাহাম নলেস। তিনি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘পুঁজিবাদ-বিরোধী বিক্ষোভকারীদের ক্যাথিড্রেল সীমানায় অবস্থান নিয়ে সংবাদমাধ্যম ও মানুষজনের নানা প্রতিক্রিয়ায় একজন ডিন হিসেবে পরিচালনায় নিজেকে ব্যর্থ মনে হয়েছে, তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস, নতুন নেতৃত্ব এ সংকট মোকাবিলায় বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং সুষ্ঠু সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাবে।’এদিকে লন্ডনের ঐতিহ্যের সঙ্গে বেমানান আর ৩০০ বছরের পুরোনো এই অনন্য স্থাপনাকে রক্ষা করতে ক্যাথিড্রেল কর্তৃপক্ষ ও সিটি অব লন্ডন করপোরেশন বিক্ষোভকারীদের আইনি নোটিশ দিয়েছে। নোটিশে কোনো ধরনের সহিংসতা ছাড়া বিক্ষোভকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে তল্পিতল্পাসহ সেন্টপল ক্যাথিড্রেল সীমানা ছেড়ে যেতে বলা হয়েছে। আর এতে কাজ না হলে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে কর্তৃপক্ষ হাইকোর্টের আশ্রয় নেবে।