পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিলেন মহিউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে পদত্যাগ করে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি জ্যেষ্ঠতম কাউন্সিলর ও প্যানেল মেয়র জহিরুল আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।পদত্যাগের পর মহিউদ্দিন চৌধুরী হযরত শাহ আমানত (রহ.)-এর মাজার জিয়ারত করতে যান। সেখান থেকে ফিরে বেলা ১১টার দিকে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ অনেক নেতা-কর্মী।এর আগে গতকাল বুধবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় এক বিশেষ বার্তায় মেয়র মহিউদ্দিনকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে নির্দেশ দেয়।সূত্রটি জানায়, মন্ত্রণালয়ের পক্ষ থেকে মহিউদ্দিনকে পাঠানো বার্তায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন), ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা উদ্ধৃত করে পদত্যাগের আইনানুগ বাধ্যবাধকতার কথা বলা হয়। একই সঙ্গে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্যানেল মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তরের কথাও উল্লেখ করা হয়। আইন অনুযায়ী কোনো লাভজনক পদে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না। মেয়র পদটিকে লাভজনক বলে গণ্য করা হয়। আইনানুসারে নির্বাচিত নতুন মেয়র দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত প্যানেল মেয়র ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন।