পদত্যাগ চান কংগ্রেসের প্রভাবশালী চার মন্ত্রী
মন্ত্রণালয়ের ঝামেলা থেকে মুক্ত হয়ে দলীয় কাজের পুনর্বিন্যাসের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি চান ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের প্রভাবশালী চার মন্ত্রী।কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে লেখা এক চিঠিতে নিজেদের এ ইচ্ছার কথা জানিয়েছেন প্রভাবশালী এ চার নেতা।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, প্রভাবশালী ওই চার মন্ত্রী হলেন গ্রাম উন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী গোলাম নবী আজাদ, আইনমন্ত্রী সালমান খুরশিদ ও প্রবাসীবিষয়ক মন্ত্রী ভয়লার রবি।কংগ্রেসের মন্ত্রীদের এ পদত্যাগ পরিকল্পনার সমালোচনা করে বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র রবি শঙ্কর প্রসাদ বলেন, এটা কেবল লোক-দেখানো। তাঁদের রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার মধ্যে প্রকৃত সমস্যা রয়ে গেছে।এদিকে অব্যাহতি চাওয়া মন্ত্রীদের একজন ভয়লার রবি চান, অন্ধ্র প্রদেশ রাজ্য কংগ্রেসের দায়িত্ব নিতে। অন্য মন্ত্রী জয়রাম রমেশ আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন। দলীয় দায়িত্ব নিতে ২০০৮ সালে একবার তিনি মন্ত্রিত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। ওই সময় দলীয় ইশতেহার নিয়ে কাজ করে বেশ আলোচিত হন তিনি।