পদত্যাগপত্র দিলেন তিন সহকারী প্রক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিনজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপাচার্য, সহ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিদের পদত্যাগের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচির আজ দ্বিতীয় দিন চলছে। রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ও আজ সকালে তিনজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দেন। তাঁরা হলেন, আবু হেনা মোস্তফা জামাল, মো. আনিসুর রহমান ও আনোয়ার ওহাব। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মসলেম উদ্দিন জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় শিক্ষক সমিতির ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রশাসন ভবনের ভেতরে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষক সমিতির সভাপতি এম এয়াকুব আলীর সভাপতিত্বে এই কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। শিক্ষকেরা বলেন, শিক্ষকদের ওপর হামলার ঘটনা নজিরবিহীন ও ন্যক্কারজনক। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের অপসারণ ও তাঁদের বিচার দাবি করেন। তাঁদের অপসারণ না করা পর্যন্ত শিক্ষকদের এ আন্দোলন চলবে বলে বক্তারা জানান। গতকাল শিক্ষকদের প্রথম দিনের কর্মসূচিতে বহিরাগত লোকজন নিয়ে হামলা চালায় ছাত্রলীগ। এতে ৩০ জন শিক্ষক আহত হন।