পদত্যাগে বাধ্য হলেন ভারতের রেলমন্ত্রী ত্রিবেদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদত্যাগ করতে বাধ্য হলেন ভারতের রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। আজ রোববার সন্ধ্যায় তিনি বিতর্কের শেষ দেখতে দিল্লিতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে মমতা জানান, রওনা হওয়ার আগে তাঁকে ফোন করে আজই পদত্যাগপত্র দেবেন বলে জানান দীনেশ ত্রিবেদী। দলীয় নির্দেশ মেনেই তিনি পদত্যাগ করলেন। তিনি দলের সঙ্গেই থাকবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।এর কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রীর দপ্তরে পদত্যাগপত্র পাঠান দীনেশ ত্রিবেদী। কাল তৃণমূলের মুকুল রায়কে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। দীনেশের পদত্যাগ কংগ্রেস-তৃণমূল দ্বন্দ্বের সাময়িক সমাপ্তি হবে বলে ধারণা করছে রাজনৈতিক মহল।গত বুধবার রেলবাজেট নিয়ে দীনেশ ও মমতার দ্বন্দ্ব শুরু হতেই রেলমন্ত্রীর পদত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়। রেলবাজেটে যাত্রীভাড়া বাড়ানোয় বাধা দেন সাবেক রেলমন্ত্রী তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর রেলমন্ত্রী হিসেবে উঠে আসে মুকুল রায়ের নাম। তবে প্রথম থেকেই দীনেশ জানান, প্রধানমন্ত্রী অথবা দলনেত্রীর লিখিত নির্দেশ ছাড়া পদত্যাগ করবেন না তিনি। কিন্তু কোনো অবস্থাতেই দীনেশকে লিখিত নির্দেশ দিতে রাজি ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।