পদত্যাগে রাজি সিলভিও বেরলুসকোনি
ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুুসকোনি বলেছেন, দেশটির পার্লামেন্টে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বিল পাসের পরই পদত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির পার্লামেন্টে বাজেট-সংক্রান্ত এক ভোটাভুটির পর বেরলুসকোনির কাছ থেকে এ ঘোষণা এল। ওই ভোটে তিনি জয়লাভ করলেও সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। ওই প্রস্তাবের পক্ষে ৩০৮ ভোট পড়ে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ৩১৬ সদস্যের সমর্থন দরকার ছিল।বেরলুসকোনি ইতালির প্রেসিডেন্টকেও তাঁর শর্ত সাপেক্ষ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।চলতি মাসের শেষ নাগাদ ইতালির পার্লামেন্টে আলোচিত অর্থনৈতিক সংস্কার বিল পাস হওয়ার কথা।চরম ঋণ-সংকট থেকে রক্ষা পেতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের আহ্বানে ইতালির পার্লামেন্টে বাজেট পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন বেরলুসকোনি। বিশ্লেষকেরা বলছেন, কম প্রবৃদ্ধির হার এবং বিপুল অঙ্কের ঋণ নিয়ে গ্রিসের পর ইউরো অঞ্চলের দ্বিতীয় দেশ হিসেবে সংকটে পড়তে যাচ্ছে ইতালি। এই প্রেক্ষাপটে সরকারের জোটভুক্ত দলগুলো ও বিরোধীরা বেরলুসকোনির পদত্যাগ দাবি করে আসছিল।