পদত্যাগের ঘোষণা উপাচার্যের, পরে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদত্যাগের সিদ্ধান্তের সাত ঘণ্টা পর তা প্রত্যাহারের ঘোষণা দিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন। গতকাল বুধবার রাতে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রীর অনুরোধে এবং শিক্ষক-শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন।এর আগে বিকেল চারটার দিকে উপাচার্যের পদত্যাগের ঘোষণায় উত্তপ্ত হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গত মঙ্গলবার রাতে উপাচার্যের বাসভবনসহ শিক্ষকদের বাসভবন ও প্রশাসনিক ভবন ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র এই পরিস্থিতি তৈরি হয়। জানতে চাইলে মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী টেলিফোনে আমাকে পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করেন। তাঁদের এই আহ্বান ও অনুভূতি দেখে আমি অভিভূত। তাই পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। কাল (আজ বৃহস্পতিবার) শিক্ষক সমিতির সঙ্গে কথা বলব। বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করব।’দেশব্যাপী শিবিরের সন্ত্রাসী তৎপরতার অংশ হিসেবে মঙ্গলবারের ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে মনে করছেন উপাচার্য। অন্যদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ভাঙচুরের ঘটনা উপাচার্যের প্রশাসনিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করে তাঁর পদত্যাগ দাবি করে। তবে পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগসহ কয়েকটি বাম সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষকদের একাংশ ও প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও সেখানে ছিলেন। শিক্ষার্থীরা জানান, উপাচার্য পদত্যাগের সিদ্ধান্ত পরিবর্তন না করা পর্যন্ত তাঁরা অবস্থান অব্যাহত রাখবেন। প্রয়োজনে তাঁরা জাগরণ মঞ্চ তৈরি করে লাগাতার শিবিরবিরোধী আন্দোলন চালিয়ে যাবেন। রাত ১১টার দিকে উপাচার্যের পদত্যাগের ঘোষণা প্রত্যাহারের পর তাঁরা সেখান থেকে সরে যান।শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সদস্যদের সম্মিলিত দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্যের পদত্যাগ চাওয়া হয়।এই হামলার সঙ্গে ছাত্রলীগের একাংশ জড়িত বলে মনে করছে শিক্ষকদের একাংশ। সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, জুবায়ের হত্যাকাণ্ড ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ছাত্রলীগের কিছু সন্ত্রাসী শিক্ষার্থী যুক্ত ছিলেন। যাঁদের সঠিক বিচার হয়নি, তাঁরাই এই ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।ভাঙচুরের বিষয়ে উপাচার্য প্রথম আলোকে বলেন, ‘এই ভাঙচুরের ঘটনা কোনো সাধারণ ছাত্রের কাজ নয়। জাহাঙ্গীরনগরে শিবিরের রাজনীতি নিষিদ্ধ থাকলেও তারা গোপনে কাজ করছে। এটা শিক্ষক সমিতির নেতারা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছেন।’সড়ক অবরোধ: উপাচার্যের পদত্যাগের সিদ্ধান্ত অযৌক্তিক আখ্যায়িত করে বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। পরে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।কেন ভাঙচুর: মঙ্গলবার রাতে মওলানা ভাসানী হলের শিক্ষার্থী আবদুল মালেক অসুস্থ হয়ে পড়লে তাঁকে সাভারের একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় যথাসময়ে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি অভিযোগ করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র, উপাচার্যের বাসভবনসহ বিভিন্ন ভবনে ভাঙচুর করা হয়। এ সময় বিভিন্ন সড়কের বাতি ভাঙচুর করে অন্ধকার পরিস্থিতি তৈরি করা হয়। এ ছাড়া মূল ফটকে যুদ্ধাপরাধীদের প্রতীকী ফাঁসির মঞ্চ ভাঙচুর করা হয়। উপাচার্যের রান্নার কক্ষের বাতাস নির্গমণ পাখাটি খুলে বাসভবনে ঢুকেও ভাঙচুর করা হয়। তদন্ত কমিটি: ঘটনার সময় উপাচার্য পাবনায় থাকলেও তাঁর স্ত্রীসহ পরিবারের সদস্যরা বাসভবনেই ছিলেন। এ ঘটনায় গতকাল সকাল নয়টায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সিন্ডিকেট সভা করা হয়। সভায় সহ-উপাচার্য ফরহাদ হোসেনকে প্রধান করে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। এ ছাড়া বেলা তিনটায় সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপাচার্য ভাঙচুরের বিভিন্ন দিক তুলে ধরেন। সভা চলাকালে শিক্ষক সমিতির নেতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন জেনে তিনি সভা কিছু সময়ের জন্য বিরতি দিয়ে তাঁর কার্যালয়ে যান। ফিরে এসে তিনি সভায় উপস্থিত সবাইকে শিক্ষক সমিতির দাবির বিষয়টি জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন।আন্দোলনের মুখে সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগের পর গত বছরের ১৭ মে উপাচার্যের দায়িত্ব নেন অধ্যাপক আনোয়ার হোসেন। একই বছরের ২৪ জুলাই নির্বাচিত উপাচার্য হিসেবে দায়িত্ব নেন তিনি।