পদত্যাগের জন্য ইয়াজউদ্দিনকে সময় দেয়নি সশস্ত্র বাহিনী
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগের প্রস্তাব বিবেচনার জন্য রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে সময় দিতে চায়নি সশস্ত্র বাহিনী। কেননা এ নিয়ে তিনি বিএনপির সঙ্গে আলোচনা করতে গেলে দলটি তাঁকে পদত্যাগ করতে নিষেধ করতে পারে।ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা তারবার্তা অনুযায়ী, ২০০৭ সালের ১২ জানুয়ারি ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিসকে এ কথা জানান গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের অন্যতম শীর্ষস্থানীয় কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আমিন।এ টি এম আমিন জানান, আগের দিন ১১ জানুয়ারিই রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের সঙ্গে দেখা করেন তিন বাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। এর পরপরই প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে জরুরি অবস্থা জারি করেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন। গঠিত হয় নতুন ‘সেনা-সমর্থিত’ তত্ত্বাবধায়ক সরকার।ডিজিএফআইয়ের সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমের প্রধান ব্রিগেডিয়ার আমিনের সঙ্গে বৈঠকের পর ওই দিনই ওয়াশিংটনে একটি তারবার্তা পাঠান রাষ্ট্রদূত বিউটেনিস।তারবার্তায় রাষ্ট্রদূত বলেন, ইয়াজউদ্দিন সেনাবাহিনীর কোনো ‘অন্যায্য চাপের’ মুখে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন কি না, তা নিয়ে ব্রিগেডিয়ার আমিনও কিছু বলেননি এবং তিনি (রাষ্ট্রদূত) নিজেও জানতে চাননি। তবে আমিন দাবি করেন, সেনাবাহিনীর পক্ষ থেকে জরুরি অবস্থা জারির কথা বলা হয়েছিল এবং রাষ্ট্রপতিও এর প্রয়োজনীয়তা বুঝতে পারেন।এ টি এম আমিন রাষ্ট্রদূতকে বলেন, ১১ জানুয়ারি বিকেল পাঁচটার দিকে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করেন তিন বাহিনী প্রধান ও সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁরা রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নতুন একজনকে প্রধান উপদেষ্টা নিয়োগ, ২২ জানুয়ারির নির্বাচন বাতিল ও সব দলের অংশগ্রহণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার আহ্বান জানান।ডিজিএফআইয়ের কর্মকর্তা আমিন রাষ্ট্রদূতকে বলেন, মূলত দুটি কারণে সেনাবাহিনী রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছিল। প্রথমটি হলো, একতরফা নির্বাচনে সেনাবাহিনী সহযোগিতা করলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর অংশগ্রহণ নিয়ে সমস্যা সৃষ্টি হবে। দ্বিতীয় কারণ, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা।এ টি এম আমিন বলেন, জাতিসংঘ সম্প্রতি এমন কিছু পদক্ষেপ নিয়েছে, যাতে সেনাবাহিনী একতরফা নির্বাচনে সহযোগিতা করলে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রশ্নের মুখে পড়তে পারে। এর মধ্যে আছে বাংলাদেশ নিয়ে জাতিসংঘ মহাসচিবের বিবৃতি, শান্তি মিশন ও নির্বাচনে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে জাতিসংঘের স্থানীয় প্রতিনিধির বিবৃতি এবং শান্তি মিশনে সেনাবাহিনীর অংশগ্রহণ নিয়ে জাতিসংঘের চিঠি।ডিজিএফআইয়ের কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে একটি চিঠি দেওয়ার জন্য সেনাবাহিনী প্রধান জাতিসংঘের স্থানীয় প্রতিনিধির কাছে অনুরোধ করেছিলেন, যাতে তিনি রাষ্ট্রপতিকে বোঝাতে পারেন যে রাজনৈতিক সংকটের সমাধান না হলে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তি মিশনে অংশগ্রহণ বাধাগ্রস্ত হতে পারে।এ টি এম আমিনের মতে, সেনাবাহিনীর উদ্বেগের দ্বিতীয় কারণটি ছিল রাজনৈতিক অস্থিতিশীলতা, সহিংসতা ও জঙ্গিবাদী কর্মকাণ্ড। তিনি জানান, সম্প্রতি জেএমবি জঙ্গিদের গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তথ্য-প্রমাণ থেকে মনে হচ্ছে, জেএমবি নির্বাচন বাধাগ্রস্ত বা প্রতিহত করার চেষ্টা করতে পারে। এ ছাড়া আওয়ামী লীগের বিক্ষোভ ও নির্বাচনের বিপক্ষে প্রচার পরিকল্পনার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী বাধ্য হয়েছে জরুরি অবস্থা জারির জন্য রাষ্ট্রপতির শরণাপন্ন হতে।এ টি এম আমিন রাষ্ট্রদূতকে বলেন, সব দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই এখন প্রধান লক্ষ্য। কবে নাগাদ নির্বাচন হতে পারে—রাষ্ট্রদূতের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এক বছরের মতো লেগে যেতে পারে। এ সময়ের মধ্যে দুর্নীতির বিষয়টি মোকাবিলা ও অর্থনীতি চাঙা করাসহ বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনার ইচ্ছাও আছে বলে উল্লেখ করেন আমিন।