পদত্যাগের পর সুরঞ্জিত এখন দপ্তরবিহীন মন্ত্রী
সুরঞ্জিত সেনগুপ্ত রেলপথ মন্ত্রণালয় থেকে পদত্যাগ করলেও এখন তিনি দপ্তরবিহীন মন্ত্রী।গত রাতে সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়, সরকারি কার্যবিধিমালা ১৯৯৬-এর রুল ৩(৪) প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরঞ্জিত সেনগুপ্তকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন।মধ্যরাতের অর্থ কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে গত সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে সুরঞ্জিত সেনগুপ্ত পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করি। উনি সাগ্রহে সম্মতি দিয়েছেন। তাই আমি সমস্ত ব্যর্থতার দায়-দায়িত্ব মাথায় নিয়ে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে আমার পত্র পাঠিয়ে দিয়েছি।’সরকারের নীতিনির্ধারণী একটি সূত্র জানায়, সুরঞ্জিত সেনগুপ্ত পদত্যাগ করতে চাননি। তিনি মন্ত্রীর পদে থেকেই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা চালিয়ে যেতে চেয়েছিলেন। এ জন্য পদত্যাগ করার পরও তিনি দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে থাকার চেষ্টা চালিয়ে যান। এই তথ্য গতকাল প্রথম আলোয় প্রকাশিত হয়েছে।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব আকবর আলি খান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, সরকারি কার্যবিধিমালা অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ না করে দপ্তরবিহীন মন্ত্রী করতে পারেন।সোমবার পদত্যাগ করার সময় সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, তাঁর ৫৫ বছরের রাজনীতিতেও যাত্রাবিরতি ঘটল। বলেছিলেন, তদন্তে নিজেকে নির্দোষ প্রমাণিত করে তিনি রাজনীতিতে ফিরে আসবেন। রাজনীতিতে যাত্রাবিরতির ঘোষণা দেওয়ার ৩২ ঘণ্টা পর দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে তাঁর মন্ত্রিসভায় থেকে যাওয়ার খবর এল।এদিকে রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, রেলমন্ত্রী পদত্যাগের পর তাঁর একান্ত সচিব (পিএস) আখতার উজ জামানকেও অন্যত্র পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয় রেলপথ মন্ত্রণালয় থেকে। মধ্যরাতের অর্থ কেলেঙ্কারির অন্যতম নায়ক ওমর ফারুকের বিরুদ্ধে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল আখতার উজ জামানকে। মন্ত্রী পদত্যাগ করার পর এপিএসের দেওয়া লিখিত বক্তব্য ও প্রাথমিক প্রতিবেদন রেলপথ সচিবের কাছে জমা দিয়েছেন আখতার উজ জামান।