আগুন আতঙ্কে গতকাল শনিবার পুরান ঢাকার চানখাঁরপুলে একটি পোশাক কারখানা থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পায়ের নিচে চাপা পড়ে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন তাসলিমা আক্তার (১৮) ও জেসমিন আক্তার (২২)। এ ঘটনায় শতাধিক শ্রমিক আহত হন। তাঁদের ৬০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।পোশাকশ্রমিকদের অভিযোগ, কারখানার ভেতর থেকে তালা লাগিয়ে দেওয়ায় শ্রমিকেরা করুণ পরিণতির শিকার হন। চানখাঁরপুলের হোসেনি দালান সড়কের পাশে অবস্থিত ইউরোটেক্স নামের পোশাক কারখানাটি একটি ভবনের তৃতীয় তলা থেকে সপ্তম তলা পর্যন্ত। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা সোয়া একটার দিকে পোশাক কারখানার বয়লার পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এরপর প্রথমে তৃতীয় তলায় এবং পরে অন্য তলায় আগুন ছড়িয়ে পড়ে। তখন পোশাক কারখানায় বিদ্যুৎসংযোগ বন্ধ করে দেওয়া হয়। এতে কারখানার সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা বাঁচার জন্য এক তলা থেকে অপর তলায় ছোটাছুটি করেন। একপর্যায়ে সবাই সিঁড়ি বেয়ে নিচে নামেন। কলাপসিবল গেটে তালা লাগানো থাকায় কয়েক শ শ্রমিক সিঁড়িতে ও সিঁড়িঘরে আটকা পড়েন। একপর্যায়ে দ্বিতীয় তলার সিঁড়ির রেলিং ভেঙে কয়েক শ শ্রমিক সিঁড়িঘরে অবস্থান নেওয়া শ্রমিকদের ওপর পড়েন। অনেকে নিচ তলার একটি ঘরের কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। পরে নিচ তলার কলাপসিবল গেট খুলে দেওয়া হয়। এরই মধ্যে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।হাসপাতালে ভর্তি করার পর তাসলিমা আক্তার ও জেসমিন আক্তার মারা যান। শ্রমিকেরা তাঁদের দুই সহকর্মীর লাশ হাসপাতাল থেকে জোর করে কারখানার সামনে নিয়ে যান।মান নিয়ন্ত্রক (কোয়ালিটি কন্ট্রোলার) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘৭০০-এর বেশি শ্রমিক কারখানায় ছিলেন। আমি চার তলায় কাজ করছিলাম। সোয়া একটার দিকে হঠাৎ শুনি, আগুন লাগছে। পরে শুনি তৃতীয় তলার বয়লার বিস্ফোরিত হয়েছে। এ সময় দুপুরের খাবারের বিরতি চলছিল। অনেক শ্রমিক সাত তলার ছাদে খেতে যান। বাকিরাও খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। বিভিন্ন তলা থেকে একসঙ্গে সবাই সিঁড়ি দিয়ে নামার সময় পায়ের তলে চাপা পড়েন। অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।’ ফায়ার সার্ভিসের লালবাগ স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মানিকুজ্জামান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ইউরোটেক্স পোশাক কারখানায় যান। সেখানে গিয়ে ফায়ারকর্মীরা দেখতে পান কারখানার তৃতীয় তলার বয়লার স্টিম বিস্ফোরিত হয়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।হাসপাতালের দৃশ্য: বেলা পৌনে দুইটার দিকে আহত ৬০ জন পোশাককর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুজন বাদে বাকিরা নারী শ্রমিক। আহতদের জরুরি, ক্যাজুয়ালটি, স্নায়ু ও শল্য বিভাগে চিকিৎসা শুরু করা হয়। প্রত্যেকেরই শ্বাসকষ্ট হচ্ছিল। প্রত্যেকেরই চোখে-মুখে আতঙ্ক। কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, আহত ব্যক্তিরা প্রত্যেকে মাথা ও বুকে আঘাত পেয়েছেন। অনেকের হাত-পা ভেঙে গেছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল হক মল্লিক উপস্থিত থেকে চিকিৎসাসেবা তদারক করেন। গতকাল সন্ধ্যায় ময়নাতদন্ত ছাড়াই পুলিশের অনুমতি নিয়ে স্বজনেরা লাশ দুটি গ্রামের বাড়িতে নিয়ে যান।