পদব্রজে ‘ঢাকা অভিযান’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের ‘চলো চলো, ঢাকা চলো’ কর্মসূচিতে যোগ দিতে জয়পুরহাট বিএনপির নেতা-কর্মীদের অনেকেই পদব্রজে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। তাদের কেউ এখনো পথে, কেউ ঢাকায় এসে পৌঁছেছে। এদিকে, শেষ মুহূর্তেও থেমে নেই কালাই থানা পুলিশের ধরপাকড় অভিযান। রোববার রাতে পুলিশ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এফতাদুল ইসলামসহ বিএনপি-জামায়াতের আরও তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। অন্যরা হলেন জামায়াতের কর্মী মাসুদ মিয়া এবং শিবিরের সাবেক নেতা মাসুদুর রহমান। কালাই থানার ওসি মোখলেছুর রহমান তিনজনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে, বিএনপি দলীয় স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা প্রথম আলো অনলাইনের কাছে দাবি করেছেন, নেতা-কর্মীদের ঢাকায় যেতে বাধা দিতে পুলিশ শেষ মুহূর্তে বেপরোয়া হয়ে ওঠে। তাঁরা বাড়ি বাড়ি হানা দেওয়া ছাড়াও যাকে যেখানে পেয়েছে গণগ্রেপ্তার করেছে। বাধা সত্ত্বেও নেতা-কর্মীরা যে যেভাবে পেরেছে ঢাকায় এসেছে মহাসমাবেশে যোগ দিতে। বাস-ট্রাক-ট্রেন চলতে না দেওয়ায় কয়েক শ নেতা-কর্মী জয়পুরহাট থেকে দীর্ঘ পথ পায়ে হেঁটে রাতেই ঢাকায় পৌঁছেছেন। পায়ে হেঁটে ঢাকায় পৌঁছার সত্যতা নিশ্চিত করে কালাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মওদুদ আলম প্রথম আলো অনলাইনকে বলেন, ‘সরকার “অঘোষিত হরতাল” ডেকে যানবাহন বন্ধ করে দেওয়ায় কালাই থেকে শতাধিক নেতা-কর্মী শনিবার রাতেই বিচ্ছিন্নভাবে ঢাকার পথে রওনা দেয়। নেতা-কর্মীরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে কেন্দ্রীয় নেতাদের নির্দেশিত পথে পায়ে হেঁটে রোববার রাতে ঢাকায় এসে পৌঁছেছে।’