পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পেলেন অধ্যাপক গেইম ও নভোসেলভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন অধ্যাপক আঁন্দ্রে গেইম ও অধ্যাপক কনস্টানটিন নভোসেলভ। দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস গতকাল মঙ্গলবার এই পুরস্কারের কথা ঘোষণা করে। ‘গ্রাফিন’ (কার্বনের এক ধরনের রূপ) নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ব্রিটেনের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ওই দুজন অধ্যাপককে এই পুরস্কারে ভূষিত করা হলো।নোবেল পুরস্কার কমিটি জানায়, ‘বিভিন্ন ক্ষেত্রে গ্রাফিনের ব্যবহার আমাদের এমন এক অবস্থানে নিয়ে যাবে, যা শুধু আমরা কল্পনাই করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে এর ব্যবহার শুরু হয়ে গেছে। আগামী দিনের কম্পিউটারের চিপে গ্রাফিনের ব্যবহার কম্পিউটারের গতি কয়েক গুণ বাড়িয়ে দেবে। পাশাপাশি তাপমাত্রার সঙ্গে সমন্বয় করে কাজ করতে সহায়তা করবে।কার্বনের নতুন রূপ গ্রাফিন আধুনিক প্রযুক্তির চিপ প্রকৌশলীদের কাজে বিপ্লব ঘটাবে। তাপমাত্রা না বাড়িয়ে এবং বিদ্যুৎ ও তাপের অর্ধপরিবাহী চিপের আকার কমিয়ে যন্ত্রের কাজ করার ক্ষমতা ও গতি বাড়াতে সক্ষম হবেন প্রকৌশলীরা।গ্রাফিন স্বচ্ছ এবং তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হওয়ায় টাচ স্ক্রিন, লাইট প্যানেল ও সোলার-সেলে (সৌরকোষ) ব্যবহার করা যাবে। আগামী প্রজন্মের স্যাটেলাইট, বিমান ও গাড়িতে গ্রাফিনের বহুল ব্যবহার হবে। প্লাস্টিকের সঙ্গে মেশানো হলে গ্রাফিন থেকে আলোও পাওয়া যেতে পারে। এমনকি বিভিন্ন যন্ত্রে বিদ্যুৎ ও তাপের অর্ধপরিবাহী হিসেবে ব্যবহূত সিলিকনের পরিবর্তে এই গ্রাফিন ব্যবহার করা যাবে।পুরস্কার পাওয়ার খবর শুনে ৩৬ বছর বয়সী অধ্যাপক নভোসেলভ বলেন, ‘খবরটি শুনে আমি চমকে উঠেছিলাম। সত্যিই অবাক হয়েছি। বিষয়টি নিয়ে সবাই অনুমান করেছিল। কিন্তু সত্যিই পেয়ে যাব ভাবিনি।’৫১ বছর বয়সী গেইম জানান, তিনিও পুরস্কার পাওয়ার খবরে অবাক হয়েছেন। পুরস্কার ঘোষণার পর সুইডেনের সরকারি টেলিভিশনে সরাসরি প্রচারিত প্রতিক্রিয়ায় গেইম বলেন, ‘আমি ভাবিনি যে এ বছরই নোবেল পুরস্কার পেয়ে যাব।’ তিনি বলেন, নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে অনেকে আছেন, যাঁরা পুরস্কার পাওয়ার পর আর কোনো কাজ করেন না। এটা সমাজের জন্য ক্ষতিকর। গেইম বলেন, ‘আমি আরও কঠোর পরিশ্রম করে যাব, যাতে কেউ বলতে না পারে যে আমাদের নোবেল পুরস্কার পাওয়ার বিষয়টি একটি দৈব ঘটনা।’আঁন্দ্রে গেইম ১৯৫৮ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাচিতে জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালে তিনি রাশিয়ান একাডেমি অব সায়েন্সের ইনস্টিটিউট অব সলিড স্টেট ফিজিক্স থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ম্যানচেস্টার সেন্টার ফর মেসো-সায়েন্স অ্যান্ড ন্যানোটেকনোলজির পরিচালক ও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাশিয়া ও ব্রিটেনের নাগরিক নভোসেলভ ১৯৭৪ সালে রাশিয়ার নিঝনি তাগিলে জন্মগ্রহণ করেন। ২০০৪ সালে নেদারল্যান্ডের রাডবাউড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। বর্তমানে তিনি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিবিসি, এএফপি ও রয়টার্স।