পদার্থে নোবেল পেলেন তিন গবেষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাবিশ্বের সম্প্রসারণ নিয়ে গবেষণার জন্য এ বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিজ্ঞানী। তাঁরা হলেন যুক্তরাষ্ট্রের গবেষক সল পার্লমুটার ও অ্যাডাম রিয়েস এবং মার্কিন বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ব্রায়ান স্মিড।গতকাল মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে এ ঘোষণা দেওয়া হয়।জুরি বোর্ড বলেছে, এই তিনজন বিজ্ঞানী বিস্ফোরিত তারকা (সুপারনোভা) নিয়ে গবেষণা করেছেন। এই গবেষণার মাধ্যমে তাঁরা আবিষ্কার করেছেন, মহাবিশ্ব আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুতগতিতে প্রসারিত হচ্ছে। তা ছাড়া এ আবিষ্কারের ফলে মহাবিশ্ব সম্পর্কে মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে।নোবেল পাওয়ার ক্ষেত্রে গবেষকদের প্রথম সফলতা আসে ১৯৯৮ সালে। পার্লমুটারের নেতৃত্বাধীন একটি গবেষক দল এবং ব্রায়ান স্মিডের নেতৃত্বাধীন আরেকটি গবেষক দল ও রিয়েস একটা সিদ্ধান্তে পৌঁছান যে মহাবিশ্ব দ্রুত প্রসারিত হচ্ছে।নোবেল কমিটি বলেছে, মহাবিশ্বের প্রসারণ এভাবে দ্রুত ঘটতে থাকলে এই মহাবিশ্ব একদিন বরফে পরিণত হবে। বেশ কয়েকটি তারার ধ্বংসমুহূর্ত পর্যবেক্ষণ করে এই তথ্য পেয়েছেন গবেষকেরা।নোবেল পুরস্কার পাওয়ার খবরে ব্রায়ান তাঁর প্রথম প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমার সন্তান জন্মের সময় যে অনুভূতি কাজ করে, ঠিক সেই ধরনের অনুভূতিই কাজ করছে।’সুইডিশ সরকারি সম্প্রচারমাধ্যম এসভিটিকে অস্ট্রেলিয়া থেকে ফোনে ব্রায়ান বলেন, ‘আমি সত্যিই খুব আনন্দিত। আনন্দে আমার হাঁটুর শক্তি হারিয়ে ফেলি। আধঘণ্টা ধরে আমার মধ্যে তীব্র উত্তেজনা কাজ করছে।’ তিনি বলেন, ‘আমি এটা আশা করিনি...এটা এমন কিছু, যা আপনি ধরেই নিয়েছেন, তা না-ও ঘটতে পারে।’সল পার্লমুটার বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের, ব্রায়ান স্মিড অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির এবং অ্যাডাম রিয়েস জনস হপকিন্স ইউনিভার্সিটির স্পেস টেলিস্কোপ সায়েন্সেস ইনস্টিটিউটের অধ্যাপক।সল পার্লমুটার (৫২) একাই পুরস্কারের মোট অর্থ এক কোটি সুইডিশ ক্রোনারের (১৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার) অর্ধেক পাবেন। আর ব্রায়ান (৪৪) ও রিয়েস (৪২) বাকি অর্থ ভাগাভাগি করে পাবেন।১৮৯৬ সালের ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রণেতা স্যার আলফ্রেড নোবেলের মৃত্যু হয়েছিল। প্রতিবছর এই দিনটিতে স্টকহোমে নোবেল পুরস্কার প্রদানের অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন অন্যান্য নোবেল বিজয়ীর সঙ্গে এই তিন বিজয়ীকেও পুরস্কৃত করা হবে। এএফপি।