পদায়নের তদবিরে অতিষ্ঠ মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে এক হাজার ৬৩২ জনের পদোন্নতির পর এখন পদায়ন নিয়ে ব্যাপক তদবির শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে দেখা গেছে, পদোন্নতি পাওয়া অসংখ্য কলেজশিক্ষক মন্ত্রণালয়ে পদায়ন নিয়ে তাঁদের সমস্যার কথা বলছেন।গত সোমবার শিক্ষা মন্ত্রণালয় এক হাজার ৯৮ জন প্রভাষককে সহকারী অধ্যাপক, ৩৭৯ জনকে সহকারী থেকে সহযোগী অধ্যাপক এবং ১৫৫ জনকে সহযোগী থেকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের সঙ্গে সঙ্গেই বিভিন্ন কলেজে পদায়ন করা হয়েছে। অনেককে আগের জায়গায় রাখা হয়েছে। কিন্তু অসংখ্য শিক্ষক পছন্দের জায়গায় পদায়ন না হওয়ায় এখন সেটা পরিবর্তনের জন্য মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে তদবির করছেন। কোনো কোনো শিক্ষক সরকারদলীয় সাংসদ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে মন্ত্রণালয়ে যান বদলি ঠেকাতে বা পছন্দের জায়গা পেতে। কোনো কোনো শিক্ষক বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি ঠিক করতে মন্ত্রণালয়ে যান।মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন ধরনের তদবিরের কারণে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল ছিলেন বিরক্ত। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও হিমশিম খাচ্ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বললেন, পদোন্নতি পাওয়ার চেয়ে অনেকের আগ্রহ ঢাকায় থাকা।শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, সমসাময়িক সময়ে এটাই সবচেয়ে বড় পদোন্নতি। এর পরও অনেক শিক্ষক যোগ্য থাকা সত্ত্বেও পদোন্নতি পাননি বলে অভিযোগ করেছেন। কেউ কেউ বলছেন, মেধাতালিকায় এগিয়ে থাকার পরও তাঁদের নাম বাদ পড়েছে। অনেকে অভিযোগ করেছেন, জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও তাঁরা পদোন্নতি পাননি।এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত পদের অভাবে জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও অনেক শিক্ষককে পদোন্নতি দেওয়া সম্ভব হয়নি। তবে সুপারনিউমারারি পদ সৃষ্টি করে তাঁদের জন্যও সুযোগ সৃষ্টি করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। তা ছাড়া, কেউ বঞ্চিত হয়ে থাকলে তাঁদের বিষয়ে করণীয় ঠিক করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়েছে। বড় ধরনের পদোন্নতি হওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। সমিতির মহাসচিব আলিউল্লাহ্্ মো. আজমতগীর এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানান।