পদে পদে আপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের সড়কে পথচারীরা সংখ্যায় বেশি হলেও ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সেবায় তাঁরা প্রাধান্য পাচ্ছেন না। নগরের পায়ে চলা পথের হাল দেখলে সহজেই তা আঁচ করা যায়। তাই পথচারীদের পদে পদে বিপদে পড়তে হচ্ছে নগরের ফুটপাতে। এর মধ্যে আছে দোকান, হকারের পসরা, নির্মাণসামগ্রী, আবর্জনা ও উচ্ছিষ্ট। আবার অনেক জায়গায় ফুটপাত ভেঙেচুরে কিংবা ইট দেবে গিয়ে তা এবড়োখেবড়ো হয়ে পড়েছে। অথচ এ মাসের শুরু থেকে পথচারীকে এই ফুটপাত দিয়েই হাঁটতে বাধ্য করার কথা বলছে কর্তৃপক্ষ।হকার বসলে সুবিধা কার?মিরপুর ১ নম্বর সেকশনের মুক্তিযোদ্ধা মার্কেট থেকে শাহ আলী কলেজ মার্কেট পর্যন্ত মাজার রোডে ফুটপাত খুঁজে বের করাই দায়। তবে যাঁরা একটু সচেতন, তাঁরা ঠিকই মূল সড়ক দিয়ে হাঁটার সময় খেয়াল করেন মুক্তিযোদ্ধা মার্কেটের পাশে জামাকাপড় ও ফলের পসরায় ঢাকা পড়ে গেছে ফুটপাতের কংক্রিটের ব্লক।আবার নির্মাণাধীন শাহ আলী মার্কেটের পাশে ওই ফুটপাতের একাংশে গড়ে উঠেছে ছাউনি ঘেরা বিপণিবিতান। এই পথে কেউ যদি ফুটপাত ধরে হেঁটে যেতে চান, তবে তাঁকে সেই বিপণিবিতানের ভিড় পেরিয়ে যেতে হয়। কারণ ফুটপাতটি এখন মূলত ক্রেতাদের দাঁড়ানোর জায়গা হিসেবে ব্যবহূত হচ্ছে। পথচারীরা এখন সড়ক দিয়েই হাঁটাচলা করেন। সেখানে আবার তাঁদের তরিতরকারির দোকান আর যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে হয়।হকার আর ক্রেতার ভিড়ে হাঁটা দায় ফার্মগেট, নিউমার্কেট, গুলিস্তান এলাকার ফুটপাতেও। এসব এলাকায় পথচারীরা জনজটলার মধ্যে পড়লেও হকার ও দোকানি সরিয়ে ফুটপাতের জায়গা উদ্ধার করছে না ডিসিসি ও ডিএমপি। এ ক্ষেত্রে আবার অসহায়ত্বের কথাই জানালেন ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার সফিকুর রহমান। তিনি বলেন, সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে হুকুম পেলেই তাঁরা কেবল ফুটপাত থেকে হকার সরাতে পারেন। কেননা হকার উচ্ছেদের সঙ্গে রাজনীতির নানা হিসাব-নিকাশ জড়িয়ে আছে।তবে একাধিক সূত্র জানায়, নগরের ফুটপাত থেকে হকার উচ্ছেদে গত সেপ্টেম্বরের শেষার্ধে রাজনৈতিক ও প্রশাসনিক দুই ধরনের সিদ্ধান্তই নিয়েছিল যোগাযোগ মন্ত্রণালয়। তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ১ নভেম্বর থেকে ফুটপাত ও সড়ক থেকে হকার উচ্ছেদ করা হবে। তবে মাস না যেতেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। এখন আবার মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, ঈদুল আজহা পর্যন্ত হকাররা নগরের সড়ক ও ফুটপাতে অবাধে ব্যবসা করতে পারবেন। হকার নেতাদের তদবিরের মুখে সরকার হকারদের ছাড় দিচ্ছে বলে একাধিক সূত্র জানায়। হকার উচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে আসায় গেন্ডারিয়ার বাসিন্দা মাহবুব উদ্দিনের অভিযোগ, ‘যাঁরা হকারদের কাছ থেকে মাসে মাসে চাঁদা নেন, তাঁরাই তাঁদের জন্য তদবির করেন। এখন সরকার যদি পথচারীদের বদলে চাঁদাবাজদের স্বার্থ বড় করে দেখে, তবে সাধারণ মানুষ কোথায় যাবে?’বর্জ্যের যন্ত্রণাকাঁটাবন মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত ফুটপাত দিয়ে নিয়মিত হাঁটাচলা করেন কাঁটাবনের ব্যবসায়ী রবিন আহমেদ। তিনি বলেন, ‘ওই দিক দিয়ে হাঁটার সময় খুব খেয়াল করে হাঁটতে হয়। কেননা প্রায়ই ফুটপাতে মলের দেখা মেলে। একটু আনমনে হাঁটলেই জুতোতে লেগে যায় সেই মল।’এদিকে কারওয়ান বাজারের আম্বর শাহ মসজিদের পাশে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ফুটপাত দিয়ে যাঁরা চলাচল করেন, তাঁরা পড়েন মনুষ্যমূত্রের যন্ত্রণায়। রশির বেড়া, দেয়াল লিখনের মাধ্যমে নিষেধাজ্ঞা দিয়েও সেখানে অসচেতন মানুষকে মূত্রত্যাগ থেকে বিরত রাখা যায়নি। কেবল মাস কয়েক আগে টবে টবে গাছ দিয়ে কিছুদিন এখানে মানুষকে মূত্র ত্যাগ থেকে বিরত রাখা গেছে। মাস কয়েক যেতেই সেসব গাছ মরে গেছে। তারপর আবার আগের মতোই শুরু হয়েছে অবাধ মূত্রত্যাগ। এ বিষয়ে বেসরকারি চাকরিজীবী আলী আকবর বলেন, ‘এই ফুটপাত মূত্রের সারি থেকে রক্ষা পেতে লাফিয়ে লাফিয়ে চলতে হয়। এই ফুটপাতের দেয়ালঘেঁষে একটি নার্সারি হলেই কেবল মূত্র থেকে মুক্তি পাবে ফুটপাতটি।’মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে আবার ফুটপাতের ওপরেই দেয়ালঘেঁষে করা হয়েছে মূত্রত্যাগের স্থান। ফলে সেখানকার বাতাস দুর্গন্ধে ভরা থাকে। ফুটপাতের ওপর বাঁ পাশে থাকা ডাস্টবিনের কারণেও দুর্গন্ধের দুর্ভোগে পড়তে হয় পথচারীদের। এমন চিত্র দেখা যায় বাহাদুর শাহ পার্কের পাশের ফুটপাতে। আবার নগরে কোনো কোনো ফুটপাতেই রয়েছে ডাস্টবিন। আবার কোথাও ফেলা হচ্ছে আবর্জনা। সেসব ক্ষেত্রে পথচারীরা ফুটপাত ছেড়ে রাস্তার ওপর দিয়েই হাঁটেন। পুরান ঢাকার বাকল্যান্ড বাঁধের ফুটপাতে এমন ভোগান্তিতে পড়েন পথচারীরা।ফুটপাত থেকে বর্জ্য সরানোর বিষয়ে জানতে চাইলে, ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা দাবি করেন, তাঁদের কর্মীরা নিয়মিত ফুটপাত পরিচ্ছন্ন করেন। তবে তাঁদের লোকস্বল্পতার কারণে সব জায়গায় সমানভাবে কাজ করা সম্ভব হচ্ছে না।ফুটপাতের ওপর বা পাশে ডাস্টবিন রাখা হয় কেন, জানতে চাইলে তিনি বলেন, জায়গা না পাওয়ার কারণেই এমনটা করা হয়। তবে প্রতিটি ওয়ার্ডে মিনি ট্রান্সফার স্টেশন করতে পারলে এই সমস্যা থাকত না। কিন্তু এ জন্য সব ওয়ার্ডে জায়গা পাওয়া যাচ্ছে না। আগে বেশ কয়েকটি মিনি ট্রান্সফার স্টেশন করা হয়েছে। এখন আবার তারা নগরের ১২টি স্থানে মিনি ট্রান্সফার স্টেশন করার পরিকল্পনা হাতে নিয়েছেন।উৎপাতের কত রূপ!‘অভিযান চালিয়ে পুলিশ প্রায়ই ফুটপাত ও রাস্তা থেকে হকার সরিয়ে দেয়। কিন্তু নগরের অনেক ফুটপাতেই ব্যবসায়িক কার্যক্রম চালাচ্ছেন ব্যবসায়ীরা। এঁদের উৎপাত বন্ধে পুলিশ কিছু করছে না কেন?’ এ প্রশ্ন বেগমবাজারের বাসিন্দা লায়লা আখতারের। তাঁর অভিযোগ, নর্থসাউথ রোড, নবাবপুর রোড, ইংলিশ রোডের ফুটপাত দিয়ে হাঁটার কোনো উপায় নেই। ওই সব ফুটপাতে টিন, রড, তারসহ বিভিন্ন পণ্য যানবাহনে ওঠানো-নামানোর কাজ সারা দিন চলতে থাকে। এসব পণ্যের আঘাতে অনেক সময় পথচারী আহতও হন।অনেক ফুটপাতে রাখা নির্মাণসামগ্রীও কম ভোগাচ্ছে না পথচারীদের। গত মঙ্গলবার সকালে দেখা গেল, অরচার্ড পয়েন্টের পাশে নির্মাণাধীন একটি ভবনের রড স্তূপ করে রাখা হয়েছে মিরপুর সড়কের পুরোটা ফুটপাতজুড়ে। আবার বুয়েট ক্যাম্পাসের বিপরীত পাশে ফুটপাত দখল করে আছে নির্মাণাধীন ভবনের বালির স্তূপ।এদিকে অনেক ফুটপাতেই গড়ে উঠেছে পুলিশ বক্স। এমন চিত্র দেখা গেছে খিলগাঁওয়ের অতীশ দীপঙ্কর সড়কের ফুটপাতে। কোথাও কোথাও আবার ফুটপাতের ওপর রয়েছে ডিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের হাজিরা ঘর। এমনটা দেখা গেছে উত্তর বাড্ডা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও মুক্তাঙ্গন এলাকার ফুটপাতে। পান্থপথ মোড় থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত গ্রিন রোডের ফুটপাতের পথচারীদের গাড়ির বাধায় পড়তে হয়। কেননা অনেক জায়গায়ই ফুটপাত ব্যবহূত হচ্ছে গাড়ি রাখার জায়গা হিসেবে। নগরের কোনো কোনো ফুটপাত দখল করে বসেছে কাউন্টার বাসের অস্থায়ী টিকিট কাউন্টার। এমন দৃশ্য দেখা গেছে নিউ এলিফেন্ট রোড, শাহবাগ, ফার্মগেট ও মিরপুর এলাকায়।ভাঙনের সুর...রাতদুপুরের আগেই কারওয়ান বাজারের ফুটপাতগুলো হয়ে পড়ে ছিন্নমূল আর কাঁচাবাজারের কর্মীদের ঘুমানোর জায়গা। তাদের বিছানা ও মশারি যাতে বাতাসে উড়ে না যায়, সে জন্য তারা ব্যবহার করে ফুটপাতের ইট। প্রকৌশলীদের ভাষায়, এই ইট হচ্ছে পেভারস। দাতা সংস্থার অর্থ আর পরামর্শে এক দশক আগে ঢাকার ফুটপাতের উপকরণ হিসেবে পেভারসের ব্যবহার শুরু হয়। শুরু থেকেই জায়গায় জায়গায় দেবে যাচ্ছিল পেভারসের ফুটপাত। এখন পেভারসের ফুটপাত রীতিমতো উঁচু-নিচু হয়ে পড়েছে। কারওয়ান বাজার থেকে ফার্মগেটে ফুটপাত ধরে হেঁটে যেতে হোঁচট খেলে তো বটেই, না খেলেও এবড়োখেবড়ো ফুটপাত চোখে পড়ে পথচারীদের। পেভারসের ফুটপাত দেবে যাচ্ছে কেন, জানতে চাইলে ডিসিসির একাধিক প্রকৌশলী দায় চাপালেন ইঁদুরের ওপর। তাঁদের মতে, ফুটপাতের নিচ দিয়ে ইঁদুর গর্ত করার কারণেই তা দেবে যাচ্ছে। দেবে যাওয়া এড়াতে পেভারসের নিচ দিয়ে এখন আবার কংক্রিট ঢালাই দিচ্ছে ডিসিসি। মাস কয়েক আগেই এই চিত্র দেখা গেছে বাড্ডা এলাকার ফুটপাতে। সেখানে কংক্রিটের ঢালাইয়ের ওপর বালি দিয়ে এর ওপর বিছানো হয়েছে পেভারস। অথচ ফুটপাতে পেভারস ব্যবহার করা হয়েছিল এই যুক্তি দিয়ে যে এটি ব্যবহার করা হলে সহজেই এগুলো সরিয়ে ফুটপাত খোঁড়াখুঁড়ি করা যাবে। আবার খোঁড়াখুঁড়ির গর্ত পূরণ করে তাতে সহজেই আগের পেভারস বসিয়ে দেওয়া যাবে।এদিকে খোঁড়াখুঁড়ির কারণে মিরপুর ১০ নম্বর সেকশন মোড়ের পাশে ফুটপাতের খানিকটা ভেঙে আছে। এটি অবশ্য পেভারসের নয়, কংক্রিট ঢালাইয়ের ফুটপাত। একটু অসচেতন হয়ে হাঁটলেই এখানে হোঁচট খাচ্ছেন পথচারীরা। ফুটপাতে ডাস্টবিন ও আবর্জনা রাখার কারণে কোথাও কোথাও তা ভেঙে গুঁড়িয়ে গেছে। এমন চিত্র দেখা গেল সূত্রাপুরের ডিস্টিলারি রোডে।