পদোন্নতি নিয়ে অস্থিরতা, আজ এসএসবির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনে পদোন্নতি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। বিতর্কিত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হচ্ছে বলে অনেকেই অভিযোগ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুপারিশ করা তালিকা পুনরায় পর্যালোচনার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ অবস্থায় আজ বৃহস্পতিবার আবারও সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভা ডাকা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আজকের সভায় আগের বাছাই করা ৮৪ জনের জায়গায় পদোন্নতির জন্য সুপারিশ করা কর্মকর্তার সংখ্যা ১৫০ হতে পারে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এ জন্য অতিরিক্ত (সুপারনিউম্যারারি) পদ বাড়ানো হয়েছে ৫০টি।বৈঠকে যুগ্ম সচিবের তালিকা পর্যালোচনা ছাড়াও উপসচিব পদে ২০০ কর্মকর্তার পদোন্নতি দেওয়ার বিষয়টি আলোচনা করা হতে পারে। গত রোববার এসএসবি সভায় কমবেশি ৮৪ কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য সুপারিশ চূড়ান্ত করা হয়। তবে এই ৮৪ কর্মকর্তার মধ্যে ৪৫ জনের মতো কর্মকর্তাকে এ সরকারের আমলে প্রথম দফায় পদোন্নতির জন্য বিবেচনা করা হয়নি। এবার করা হয়েছে। ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর প্রথম দফায় ১৪০ কর্মকর্তাকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছিল। এসব কর্মকর্তাই ১৯৮৪ সালে চাকরিতে যোগ দেন। সে সময় জ্যেষ্ঠতা থাকার পরও এসব কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়নি। তখন বলা হয়েছিল, যেসব কর্মকর্তা বিএনপি-জামায়াত জোট সরকারের সুবিধাভোগী অর্থাৎ রাজনৈতিক পরিচয়ে ভালো জায়গায় নিয়োগ পেয়েছিলেন, তাঁদের এ সরকার পদোন্নতি দেবে না। এখন সেসব কর্মকর্তার অনেককে পদোন্নতির জন্য সুপারিশ করা হচ্ছে কীভাবে—এ প্রশ্ন অনেকেরই।এসএসবির সভাপতি ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, পদোন্নতির প্রক্রিয়াটি চলমান রয়েছে। তাই এ নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ প্রথম আলোকে বলেন, এসএসবিতে তিনি একজন সদস্য মাত্র। পদোন্নতির সুপারিশ করা হয় সর্বসম্মতভাবে। যদি কোনো বিতর্কিত কর্মকর্তার জন্য সুপারিশ করা হয়ে থাকে, তা সবাই মিলেই করেছেন। এখানে একক কারও দায়দায়িত্ব নেই।এসএসবির অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, স্বরাষ্ট্র, অর্থ ও ভূমিসচিব।প্রশাসনের অনেক কর্মকর্তা বলেছেন, ১১৬ জন যুগ্ম সচিবকে সরকারের বিপক্ষের চিহ্নিত করে ওএসডি করে রাখা হয়েছে। এসব চিহ্নিত কর্মকর্তার এখন আবার পদোন্নতির সুপারিশ করা হচ্ছে কেন? তবে অন্য পক্ষের মত, যেসব কর্মকর্তা চিহ্নিত দলীয় নন, পেশাগত দক্ষতা রয়েছে, তাঁদের পদোন্নতি না দেওয়া অযৌক্তিক। এতে প্রশাসনে হতাশা বাড়বে।প্রসঙ্গত, পদভেদে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত চাকরির পর উপসচিব ও যুগ্ম সচিব করার বিধান রয়েছে। একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও চাকরি ক্ষেত্রে সুনাম, দক্ষতার ভিত্তিতে দেওয়া এসিআরের নম্বরের ভিত্তিতে বেঞ্চমার্ক ৮৩ নম্বর হলেই তাঁরা পদোন্নতি পাবেন।বিগত জোট সরকারের সময় এই নীতিমালা করা হলেও তা না মেনে বিভিন্ন স্তরের আড়াই হাজার কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়। এসব কর্মকর্তাকে তখন আওয়ামী লীগ ঘরোনার বলে চিহ্নিত করা হয়। বর্তমান সরকারও একই নীতিমালা বহাল রেখেছে।আজকের এসএসবি সভায় যুগ্ম সচিব পদে পদোন্নতি ছাড়াও উপসচিব পদে পদোন্নতির বিষয়টি আলোচনা করা হতে পারে। এ ক্ষেত্রে প্রায় ২০০ কর্মকর্তাকে উপসচিব করার চিন্তাভাবনা রয়েছে বলে এসএসবি সূত্র জানায়।