পদোন্নতি-প্রক্রিয়া নিয়ে বিসিএস স্বাস্থ্য কর্মকর্তাদের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের মতো নন-ক্যাডার চিকিৎসকেরা পদোন্নতির ক্ষেত্রে সমান সুযোগ পাচ্ছেন। এ নিয়ে স্বাস্থ্য ক্যাডারভুক্ত প্রায় নয় হাজার কর্মকর্তার মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।এ ছাড়া ক্যাডারভুক্ত চিকিৎসকদের জন্য প্রযোজ্য বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নন-ক্যাডারের দুজন চিকিৎসককে। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে এ প্রশিক্ষণ চলছে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রণালয়ের অধীন নন-ক্যাডার চিকিৎসকদের মধ্যে রয়েছেন ১৯৭২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া চিকিৎসকেরা (ইন সার্ভিস ট্রেইনি বা আইএসটি) এবং পরবর্তী সময় বিভিন্ন প্রকল্পে নিয়োগ পাওয়া চিকিৎসকেরা (যাঁদের পরে রাজস্ব খাতে নিয়মিত করা হয়েছে)। বর্তমানে এসব চিকিৎসক ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁদের মধ্যে আইএসটি এক হাজার ৩৬২ জন। বর্তমানে পদোন্নতির জন্য করা আবেদনগুলো যাচাই-বাছাই চলছে।মন্ত্রণালয় জানায়, আইনের পরিপন্থী না হলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চিকিৎসকেরাও পদোন্নতির সুযোগ পাবেন।ক্যাডারভুক্ত বেশ কয়েকজন চিকিৎসক বলেন, পিএসসির মাধ্যমে নিয়মিত পদোন্নতি না হওয়ায় এবং রাজনৈতিক বিবেচনায় পদোন্নতির কারণে স্বাস্থ্য ক্যাডারের অনেক চিকিৎসক প্রায় দুই দশক একই পদে আছেন। কেউ কেউ চাকরিতে প্রবেশকালীন (চিকিৎসা কর্মকর্তা) পদেই রয়েছেন এখনো।ঢাকা মেডিকেল কলেজে কর্মরত এঁদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘২২ বছর ধরে আমি চিকিৎসা কর্মকর্তা। শিক্ষকতা করার জন্য যে যে ডিগ্রি প্রয়োজন, এর সবই আমার আছে। তবু পদোন্নতি হয়নি। মাঝেমধ্যে মনে হয়, চিকিৎসা কর্মকর্তা হিসেবে আমার পেশাগত জীবনের শুরু, শেষও হবে এ পদে থেকেই।’চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি রশিদ-ই-মাহবুব বলেন, ‘পদোন্নতি যে প্রক্রিয়ায় হচ্ছে, তাতে চিকিৎসকদের ক্ষোভ-বিক্ষোভ থাকা স্বাভাবিক। এ প্রক্রিয়ায় কতটুকু সুবিচার হবে বলা যাচ্ছে না। এতে কেউ লাভবান হবেন, কেউ ক্ষতিগ্রস্ত হবেন।’স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবীর বলেন, ‘স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে ব্যাপক অনিয়ম হয়েছে। এ সমস্যার কোনো সহজ সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কারণে একই প্রক্রিয়ায় নন-ক্যাডারদের পদোন্নতি হচ্ছে। কাউকে ক্ষতিগ্রস্ত করা সরকারের উদ্দেশ্য নয়।’পদোন্নতির প্রক্রিয়া নিয়ে ক্ষোভ: স্বাস্থ্য মন্ত্রণালয় পদোন্নতির জন্য ওয়েবসাইটে পদ ও বিষয়ভিত্তিক তথ্যসংক্রান্ত যে ছক দিয়েছে, তাতে ৬ নম্বর ঘরে চাকরিতে যোগদানের তারিখ এবং ৭ নম্বর ঘরে আইএসটি ব্যাচ নম্বর অথবা বিসিএস ব্যাচ নম্বর উল্লেখ করতে হবে। আবেদন ফরমে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও এমবিবিএস পাসের সাল উল্লেখ করতে বলা হয়েছে। কিন্তু বুনিয়াদি প্রশিক্ষণ রয়েছে কি না, সিনিয়র স্কেল পরীক্ষায় প্রার্থী উত্তীর্ণ হয়েছেন কি না—এসব জানতে চাওয়া হয়নি। ফলে ক্যাডারভুক্ত চিকিৎসকদের আশঙ্কা, ফরমে এসব না থাকায় জ্যেষ্ঠতার বিচার সম্ভব হবে না। এ কারণে এক হাজার ৩৬২ জন আইএসটি চিকিৎসক এ ক্ষেত্রে তাঁদের চেয়ে তিন থেকে পাঁচ বছর এগিয়ে যাবেন।চিকিৎসকেরা বলেন, বিগত চারদলীয় জোট সরকারের সময় পিএসসিকে ব্যবহার করে জ্যেষ্ঠতা ও যোগ্যতা লঙ্ঘন করে চিকিৎসকদের পদোন্নতি দেওয়ার অভিযোগ আছে। সে কারণে তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারের আমলে বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুল, ১৯৮১ পরিবর্তন করে বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি) করা হয়। এ কমিটির অধীনেই পদোন্নতি-প্রক্রিয়া চলছে। কিন্তু একই ডিপিসির অধীনে ক্যাডার ও নন-ক্যাডার চিকিৎসকদের পদোন্নতির এ প্রক্রিয়া নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে ক্যাডারভুক্তদের মধ্যে। তাঁদের দাবি, পদোন্নতির জন্য পৃথক ডিপিসি করা হোক।নন-ক্যাডার চিকিৎসকেরা যেন পদোন্নতিতে সমান সুযোগ না পান, সে জন্য ক্যাডারভুক্ত চিকিৎসকেরা মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, স্বাস্থ্যসচিব ও পিএসসির চেয়ারম্যানকে উকিল নোটিশ এবং স্বাস্থ্যসচিবকে গত ২৫ মে স্মারকলিপি দিয়েছেন। তাঁরা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎও করেছেন। কিন্তু এ বিষয়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত কোনো অগ্রগতি নেই।বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুল, ১৯৮১ পরিবর্তনের মাধ্যমে নন-ক্যাডার চিকিৎসকদের ক্যাডারভুক্ত করার উদ্যোগসংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশের পর সংশোধনীটি আরও পর্যালোচনার উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হওয়ার আগেই এই পদোন্নতি-প্রক্রিয়া শুরু হয়।সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র ও একটি চিকিৎসক সংগঠনের অন্যতম নেতা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জগাখিচুড়ি অবস্থা কাটাতেই সরকার সবাইকে ক্যাডারভুক্ত করতে চায়। স্বাস্থ্য খাতে চিকিৎসকদের একাংশ বিসিএস ক্যাডার, একটি অংশ ১৯৭২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত সময়ে যখন বিসিএস স্বাস্থ্য ক্যাডার ছিল না, তখন আইএসটি হিসেবে যোগ দেয়। আরেকটি অংশ বিভিন্ন প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত। ক্যাডারভুক্ত চিকিৎসকের চেয়ে নন-ক্যাডার চিকিৎসকের সংখ্যাই এখন বেশি। শৃঙ্খলা আনার জন্য সবাইকে ক্যাডারভুক্ত করা দরকার।নন-ক্যাডাররাও বুনিয়াদি প্রশিক্ষণে: স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য, শিক্ষা ও জনশক্তি ব্যুরোর পরিচালক শাহ আবদুল লতিফ স্বাক্ষরিত নোটিশে দেখা যায়, ১১তম, ১৫তম, ১৭তম, ২০তম, ২৪তম ও ২৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৪৮ জন কর্মকর্তার সঙ্গে দুই মাসের বুনিয়াদি প্রশিক্ষণ নিচ্ছেন নন-ক্যাডারের দুজন চিকিৎসক। এ দুজন হলেন বিএমএর সাংগঠনিক সম্পাদক ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া ও বিএমএর সহসভাপতি কামরুল হাসান।উত্তম কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, কাজে উৎকর্ষ ও পদোন্নতির জন্য এ প্রশিক্ষণ বাধ্যতামূলক। এ কারণেই ব্যুরো তাঁদের মনোনীত করেছে। এর আগের ব্যাচেও নন-ক্যাডারের দুজন চিকিৎসক—জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটের কাজল কুমার কর্মকার ও জুলফিকার আলী এ প্রশিক্ষণ নিয়েছেন। এতে দোষের কিছু নেই।এ বিষয়ে জানার জন্য একাধিকবার শাহ আবদুল লতিফের সঙ্গে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েৎউল্লাহ বলেন, ‘কোনো অবস্থাতেই বিসিএস ক্যাডারভুক্ত নন, এমন চিকিৎসকেরা বুনিয়াদি প্রশিক্ষণ নিতে পারেন না।’