পদোন্নতিতে হূদরোগের ঝুঁকি কমে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়া-না হওয়া নিয়ে উল্লাস বা আফসোস করেন অনেকেই। তবে শুধু এটুকুই না। চাকরি ক্ষেত্রে উন্নতি হওয়া-না হওয়ার সঙ্গে সম্পর্ক আছে হূদরোগেরও। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা দাবি করেছেন, কর্মক্ষেত্রে যাদের নিয়মিত পদোন্নতি হয়, তাদের হূদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমে যায়। ক্রমশই ওপরের দিকে উঠতে পারাটা তাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো।যুক্তরাজ্যের চার হাজার ৭০০ জন সরকারি চাকরিজীবীকে নিয়ে প্রায় ১৫ বছর গবেষণা করার পর এমন তথ্য দিয়েছেন গবেষকেরা। সম্প্রতি এটি প্রকাশিত হয়েছে ইকোনমিক জার্নালে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক স্যার মাইকেল মারমট ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মাইকেল অ্যান্ডারসনের নেতৃত্বে পরিচালিত এই গবেষণা থেকে জানা গেছে, যারা কর্মক্ষেত্রে প্রায়ই পদোন্নতি পান, তাঁদের হূদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায় প্রায় ২০ শতাংশ। অধ্যাপক মাইকেল মারমট বলেছেন, ‘এই গবেষণার সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে, এটা খুব স্পষ্ট হয়ে গেছে যে মানুষের স্বাস্থ্যগত অবস্থা নির্ভর করে তাঁর সামাজিক অবস্থানের ওপর। যাঁরা ভালো আর্থ-সামাজিক অবস্থানে থাকেন, তাঁদের স্বাস্থ্যও ভালো থাকে। পদোন্নতি সামাজিক গতিশীলতা বৃদ্ধি করার একটা অন্যতম পন্থা। আর এই ব্যাপারটা স্বাস্থ্যের জন্যও ভালো।’আগে থেকেই হূদরোগে আক্রান্ত সরকারি চাকরিজীবীদের পদোন্নতি পাওয়ার হার কেমন, এই তথ্য পর্যালোচনা করে এ গবেষণাটি পরিচালনা করেছেন গবেষকেরা।এর আগে শারীরিক সুস্থতা, কর্মক্ষেত্রে সাফল্যকে প্রভাবিত করে এমন অনুমান থেকে অনেক গবেষণা করা হয়েছিল। ২০১১ সালে পরিচালিত এক গবেষণায় বলা হয়েছিল, শৈশবের গুরুতর কোনো অসুখে ভোগা ব্যক্তিরা কর্মক্ষেত্রে পদোন্নতি কম পান। ডেইলি মেইল।