পদ্ধতিগত জটিলতা, ক্ষতিপূরণ পাচ্ছেন না কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার বিল খুকশিয়া। পাশের ভবদহ এলাকার জলাবদ্ধতা দূর করতে এই বিলে প্রায় সাত বছর ধরে জোয়ারাধার (টাইডাল রিভার ম্যানেজমেন্ট—টিআরএম) কার্যক্রম চলছে। তাই বিলটিতে ফসল হচ্ছে না।এই বিলে প্রায় ৫০ বিঘা জমি আছে কৃষক আবদুল মান্নানের (৫২)। তিনি ক্ষতিপূরণ চেয়ে আবেদনও করেন। কিন্তু এ পর্যন্ত তিনি মাত্র সাড়ে সাত বিঘা জমির দুই বছরের ক্ষতিপূরণ ৬৩ হাজার ৬৭১ টাকা পেয়েছেন। খুলনার ডুমুরিয়া উপজেলার বরুনা গ্রামের এই কৃষক বলেন, ‘বাকি টাকা কবে পাব, আদৌ কোনো দিন পাব কি না, জানি না।’ কৃষক মান্নান তাও কিছু ক্ষতিপূরণ পেয়েছেন। কিন্তু এই বিলের নয় শতাধিক কৃষক এখনো কোনো ক্ষতিপূরণ পাননি।ক্ষতিপূরণ প্রদানে জটিল প্রক্রিয়া এবং জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দীর্ঘসূত্রতার কারণে কৃষকেরা বঞ্চিত হচ্ছেন তাঁদের ন্যায্য পাওনা থেকে। এই অবস্থায় বিল খুকশিয়ার পর দ্বিতীয় বিল হিসেবে বিল কপালিয়ায় জোয়ারাধার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।কেশবপুরের ময়নাপুর গ্রামের হাজরা সরকার (৩৫) বলেন, ‘বিলে আমার দুই বিঘা জমি আছে। টিআরএম চলায় সাত বছর ধরে ফসল পাচ্ছি না। কোনো ক্ষতিপূরণও পাইনি। সরকার কাটিং পয়েন্টটা বেঁধে দিলেও বাঁচা যেত।’ বিল খুকশিয়ায় জোয়ারাধার বন্ধ করতে ‘বিল খুকশিয়া টিআরএম বন্ধ সংগ্রাম কমিটির’ ব্যানারে আন্দোলন শুরু হয়েছে। কমিটির আহ্বায়ক আবদুস সামাদ বলেন, ‘তিন বছরের টিআরএম সাত বছর ধরে চলছে। পলিতে বিল উঁচু হয়ে পড়ায় জোয়ারের পানি পাশের গ্রামগুলোতে প্রবেশ করছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপূরণও পাচ্ছেন না।’জোয়ারাধারের জন্য পূর্বনির্ধারিত দ্বিতীয় বিল কপালিয়ার অবস্থা আরও খারাপ। বিলের দুই হাজারের বেশি কৃষক ক্ষতিপূরণের কোনো টাকা পাননি। এই অবস্থায় বিলটিতে জোয়ারাধার বাস্তবায়ন করতে যাওয়ায় ফুঁসে উঠেছেন কৃষকেরা। সেখানেও জেলা প্রশাসন ও পাউবোর জটিলতার কারণে বঞ্চিত হচ্ছেন কৃষক। এই বিলে জমি আছে মনিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রামের কৃষক পবিত্র বিশ্বাসের (৩২)। তাঁর আশঙ্কা, কৃষকেরা ক্ষতিপূরণের টাকা পাবেই না। হয়রানির শিকার হবে। পবিত্র বলেন, সদিচ্ছা থাকলে কৃষকদের আগেই ক্ষতিপূরণ দেওয়া হতো। ক্ষতিপূরণ দিলে টিআরএম হতো।ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির বলেন, ‘বিল খুকশিয়া ও বিল কপালিয়ায় ক্ষতিপূরণ প্রদানে কৃষকদের সঙ্গে টালবাহানা করছে জেলা প্রশাসন ও পাউবো। আর এ সুযোগ কাজে লাগাচ্ছেন বিল কপালিয়ার কয়েকটি মাছের ঘের মালিকেরা। তাঁরা কৃষকদের টিআরএমের বিরুদ্ধে উসকে দিচ্ছেন।’ তিনি বলেন, ‘কৃষকদের সঙ্গে মতবিনিময় করে ও ক্ষতিপূরণ দিয়ে বিলে টিআরএম বাস্তবায়ন করতে হবে।’ পানি বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিতভাবে জোয়ার-ভাটা সৃষ্টি করে জমিতে পলি ফেলে জমি উঁচু করার প্রক্রিয়াকে জোয়ারাধার বলা হয়। এর মাধ্যমে জোয়ারের সঙ্গে আসা পলি জমিতে পড়ে এবং ভাটার টানে বেরিয়ে যাওয়া পানি নদীর নাব্যতা বাড়ায়। ভবদহ এলাকার জলাবদ্ধতা দূর করতে সাগর থেকে জোয়ারের সঙ্গে আসা পলি পর্যায়ক্রমে এলাকার একটি করে বিলে ফেলে বিল উঁচু করার পাশাপাশি নদীর নাব্যতা বৃদ্ধির জন্য ‘ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প’ গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় ২০০৬ সালের এপ্রিলে বিল খুকশিয়ায় তিন বছর মেয়াদি জোয়ারাধার চালু করা হয়। ২০০৮ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও এখনো তা চলছে। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, বিঘাপ্রতি চার হাজার ২৩৬ টাকা হারে এক হাজার ৮২ জন কৃষকের দুই বছরের ক্ষতিপূরণ বাবদ তিন কোটি ৩৪ লাখ টাকা নির্ধারণ করা হয়। এর মধ্যে এ পর্যন্ত মাত্র ২৫৫ জন কৃষককে ৯১ লাখ ২৯ হাজার ৫৪৭ টাকা দেওয়া হয়েছে। বাকি কৃষকেরা এখনো ক্ষতিপূরণ পাননি।বিল খুকশিয়ার পর বিল কপালিয়ায় ৬৪৩ হেক্টর জমিতে ২০০৯ সাল থেকে জোয়ারাধার চালুর সিদ্ধান্ত নেয় পাউবো। কিন্তু গত তিন বছরে জোয়ারাধার চালু করতে পারেনি। প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বিলের জমির জন্য বছরে বিঘাপ্রতি ১৬ হাজার টাকা হারে দুই হাজার ২২৬ জন কৃষক ফসলের ক্ষতিপূরণ পাবেন। এ পর্যন্ত মাত্র ৮৫ কৃষককে ৪০ লাখ ৪৭ হাজার ৬৫০ টাকা দেওয়া হয়েছে। আরও ১৬১ জন কৃষকের ক্ষতিপূরণের টাকার চেক দেওয়ার প্রক্রিয়া চলছে। এই অবস্থায় গত ৫ মে বিল কপালিয়ায় জোয়ারাধার নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২ জুন এই জোয়ারাধার নির্মাণের অংশ হিসেবে বাঁধ তৈরি করতে গেলে এলাকাবাসীর হামলার শিকার হন জাতীয় সংসদের হুইপ ও যশোর-৬ আসনের সাংসদ শেখ আবদুল ওহাব ও পাউবোর কর্মকর্তারা। বিল কপালিয়ায় এ বছর জোয়ারাধার হচ্ছে না: পাউবো মনিরামপুরের উপবিভাগীয় প্রকৌশলী মোফাজ্জল হোসেন বলেন, বর্ষা মৌসুম শুরু হয়েছে। এখন আর কাজ করার পরিবেশ নেই। আগামী বছরের শুরুতে কৃষকদের ক্ষতিপূরণ দিয়ে বিল কপালিয়ায় জোয়ারাধার বাস্তবায়ন করা হবে।পরস্পরকে দোষারোপ: পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিল খুকশিয়ায় কৃষকদের দুই বছরের ফসলের ক্ষতিপূরণ বাবদ তিন কোটি ৩৪ লাখ টাকা এবং বিল কপালিয়ায় কৃষকদের ক্ষতিপূরণের সাড়ে ১৫ কোটি টাকা আমরা জেলা প্রশাসককে দিয়েছি। কৃষকদের মধ্যে ওই টাকা বিতরণের দায়িত্ব জেলা প্রশাসনের, আমাদের নয়।’ যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পাউবো কৃষকদের ক্ষতিপূরণের সম্পূর্ণ টাকা দিতে দেরি করেছে। এ কারণে সময়মতো কৃষকদের টাকা দেওয়ার কার্যক্রম শুরু করা যায়নি। তিনি আরও বলেন, ‘ক্ষতিপূরণের টাকা পাওয়ার পদ্ধতি অত্যন্ত জটিল। ফলে কৃষক ভয়ে বা নিরুৎসাহিত হয়ে আবেদন করছেন না। পদ্ধতিগুলো সহজ করতে পানিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। এ ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়েরও সমঞ্চতির প্রয়োজন হবে। এরপর বিলসংলগ্ন এলাকায় ক্যাম্প করে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে।’ বিল খুকশিয়ায় আরও দুই বছর জোয়ারাধার কার্যক্রম চালু রাখার সুপারিশ করে পানিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।