পদ্মবিভূষণ ভূপেন হাজারিকা
ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মবিভূষণে ভূষিত হলেন প্রয়াত সংগীতশিল্পী ভূপেন হাজারিকা। সংগীতে বিশেষ অবদান রাখার জন্য তাঁকে মরণোত্তর এই সম্মান দেওয়া হয়েছে।আজ বুধবার ভারতের দিল্লিতে সাত বাঙালিসহ মোট ১০৯ জনকে ভারতের রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়েছে। ভারতের রাষ্ট্রপতি ভবনের দরবার হলে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল এই সম্মান তুলে দেন সম্মানপ্রাপ্ত বিশিষ্টজনদের হাতে। এ সময় উপস্থিত ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইউপিএর চেয়ারপারসন সোনিয়া গান্ধীসহ বিশিষ্টজনেরা।এবার দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মবিভূষণ দেওয়া হয়েছে পাঁচজনকে। তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মভূষণ দেওয়া হয়েছে ২৭ জনকে এবং চতুর্থ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী দেওয়া হয়েছে ৭৭ জনকে।পদ্মবিভূষণ সম্মানপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন শান্তিনিকেতনের প্রখ্যাত চিত্রকর কে জি সুব্রহ্মণ্যম ও প্রয়াত ভূপেন হাজারিকা।পদ্মভূষণ প্রাপ্তদের মধ্যে রয়েছেন বলিউডের তারকা শাবানা আজমি, ধর্মেন্দ্র, চিত্রপরিচালক মীরা নায়ার এবং প্রখ্যাত ভাস্কর-চিত্রকর যতীন দাস, নাট্যব্যক্তিত্ব খালেদ চৌধুরী, পণ্ডিত বুদ্ধদেব দাসগুপ্ত, কুটনীতিক রণেন সেন, চিকিত্সক দেবী শেঠি প্রমুখ।পদ্মশ্রীর তালিকায় রয়েছেন প্রখ্যাত গজল গায়ক অনুপ জালোটা, নারী ক্রিকেটার ঝুলন গোস্বামী, বাঙালি বিজ্ঞানী স্বপনগুহ প্রমুখ।ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ভারতরত্ন এবারও কাউকে দেওয়া হয়নি। সর্বশেষ ২০০৮ সালে এই সম্মান দেওয়া হয়েছিল শাস্ত্রীয় সংগীতজ্ঞ পণ্ডিত ভীমসেন যোশিকে।