পদ্মশ্রী সম্মান পেলেন বাংলাদেশের ঝর্ণা ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজসেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় বাংলাদেশের ঝর্ণা ধারা চৌধুরীকে পদ্মশ্রী সম্মান দিয়েছে ভারত। ঝর্ণা ধারা চৌধুরী নোয়াখালীর গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকায় ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ঝর্ণা ধারা চৌধুরী বাংলাদেশের বিশেষ করে নোয়াখালী অঞ্চলের জনগণের জন্য দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে কাজ করছেন। ভারতের সম্মানজনক পুরস্কার হলো পদ্মশ্রী। ভারতের ৬৪তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে দেওয়া হয়েছে এই সম্মান। প্রতিবছরের জানুয়ারি মাসে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তিকে এই সম্মান দেওয়া হয়। পদ্মশ্রী সম্মান বেশির ভাগ ক্ষেত্রে ভারতের নাগরিকেরাই পেয়ে থাকেন। খুব অল্পসংখ্যক বিদেশি এই সম্মান পান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্ভবত ঝর্ণা ধারা চৌধুরী প্রথম বাংলাদেশি, যিনি পদ্মশ্রী সম্মান পেলেন। নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আগামী মার্চ বা এপ্রিলে পুরস্কার বিতরণের মূল অনুষ্ঠানটি হবে। ওই দিন ভারতের রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে সম্মানটি ঝর্ণা ধারা চৌধুরীর হাতে তুলে দেবেন।