পদ্মা ও যমুনায় পানি কমছে, পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে তীব্র যানজট
পদ্মা ও যমুনা নদীতে পানি কমে যাওয়ায় গতকাল সোমবার রাত থেকে পাটুরিয়ার তিনটি ঘাটসহ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তিনটি ফেরি বিকল হয়ে পড়ায় আজ মঙ্গলবার পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে শত শত যানবাহন আটকে আছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচাস্থ উপমহাব্যবস্থাপকের কার্যালয় প্রথম আলোকে জানায়, পাটুরিয়ার কাছে চ্যানেলে পানি কমে গেছে। স্থানভেদে চ্যানেলটিতে সাত থেকে আট ফুট পানি আছে। এই অল্প পানিতে চলতে গিয়ে ফেরিগুলো ডুবোচরে ধাক্কা খাচ্ছে।বিআইডব্লিউটিসির আরিচা অফিসের উপমহাব্যবস্থাপক এম এ মতিন প্রথম আলোকে বলেন, পানি কমার কারণে পাটুরিয়া চ্যানেলে নাব্যতা-সংকট ও ঘাটগুলোয় সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি ফেরি বিকল হয়ে পড়ায় সমস্যা আরও বাড়ছে। ড্রেজিং করে চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও তিনি জানান।বিআইডব্লিউটিসি সূত্র আরও জানায়, পানি কমায় পাটুরিয়ার তিনটি ঘাটের মধ্যে ৫ নম্বর ঘাটটি গত শনিবার বন্ধ হয়ে যায়। ২ ও ৪ নম্বর ঘাট আংশিক চালু রয়েছে। বর্তমানে এ দুটি ঘাট দিয়ে কোনো রকমে ফেরিতে যানবাহন ওঠানো-নামানো হচ্ছে। গত চার দিনে তিনটি ফেরি বিকল হয়ে পড়ায় যানবাহন পারাপারের সংখ্যা কমে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। সেখানে শতাধিক যানবাহন আটকে আছে।