পদ্মা থেকে বের হতে চাইছে সরকার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের দাবি, সরকার পদ্মা সেতু প্রকল্প থেকে বের হয়ে আসতে চাইছে। এ জন্য সরকার ইচ্ছা করেই পদে পদে চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রভাবিত করতে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানকে কাজে যোগদান করানো হচ্ছে। আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রজন্ম একাডেমি নামের একটি সংগঠনের আলোচনা সভায় মওদুদ আহমদ এ দাবি করেন। সংগঠনটি ‘বিশ্বব্যাংক, পদ্মা সেতু, দুর্নীতি দমন কমিশন: একটি পর্যালোচনা’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে। মওদুদ আহমদ বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়টি তদন্ত করছে দুদক। আর সেটা পর্যবেক্ষণ করছে বিশ্বব্যাংকের তিনজন পর্যবেক্ষক। জাতির জন্য এর চেয়ে লজ্জার কী হতে পারে?’ তিনি বলেন, তদন্ত যদি চলে, শেষ পর্যন্ত প্রমাণিত হবে এরা সবাই দুর্নীতিপরায়ণ। আর দুদক সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন দুর্নীতি করেননি বলে যে সনদ দিয়েছে, সেটিও মিথ্যা প্রমাণিত হবে। এ কারণে সরকার এমন অবস্থার সৃষ্টি করেছে যাতে পদ্মা সেতু প্রকল্প আর বাস্তবায়ন করা না যায়। আওয়ামী লীগ এটাকেই তাদের জন্য শ্রেয় মনে করছে বলে তিনি মন্তব্য করেন।বিএনপির এই নেতার অভিযোগ, তদন্তে দুর্নীতি প্রমাণিত হলে বিশ্বব্যাংক এমনিতেই চলে যাবে। তাই সরকার এমন অবস্থার সৃষ্টি করছে, যাতে বিশ্বব্যাংক নিজে থেকেই চলে যায়। তিনি সরকারকে সতর্ক করে বলেন, ‘বিশ্বব্যাংকের সঙ্গে এ ধরনের লুকোচুরির পরিণাম হবে ভয়ংকর।’ তিনি বলেন, বিশ্বব্যাংক বর্তমানে বাংলাদেশে আরও ৩৪টি প্রকল্পে অর্থ জোগান দিচ্ছে। ওই প্রকল্পে অর্থায়নও বন্ধ হয়ে যাবে।বাংলাদেশ প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, বিএনপির নেতা আবু নাসের মো. রহমতউল্লাহ, মেজর (অব.) মেহবুব রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।