পদ্মা নদী থেকে আটক তিন বাংলাদেশি মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট এলাকায় পদ্মা নদী থেকে মাছ ধরার সময় আজ শনিবার সকালে আটক তিন বাংলাদেশিকে বিকেলে ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা-বৈঠকের পর তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানিয়েছে।আজ সকাল ১০টায় চারঘাট উপজেলার চকমুক্তারপুর গ্রামের মাছ-ব্যবসায়ী আবদুল জব্বার (৫০), তাঁর ভাতিজা মশিকুর রহমান (১৮) ও মুক্তারপুর গ্রামের জেলে আবুল কাশেমকে (৪০) মাছ ধরার নৌকাসহ বিএসএফ আটক করে।আবদুল জব্বারের বড় ভাই ইউনুস আলী জানান, তাঁর ভাই একজন পাইকারী মাছ-ব্যবসায়ী। তিনি প্রতিদিন পদ্মা নদীর জেলেদের কাছ থেকে মাছ কিনে বাজারের বিক্রি করেন। আজও তিনি তাঁর ছেলে মশিকুর রহমানসহ নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ কিনতে যান। সকাল ১০টার দিকে তাঁরা খবর পান, জেলে আবুল কাশেমসহ তাঁর ভাই ও ছেলেকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ইউসুফপুরের বিজিবি ক্যাম্পে খবর দেন।বিজিবি-ইউসুফপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে নৌকা নিয়ে যাওয়ার সময় না বুঝে তাঁরা ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার কারণে বিএসএফ তাঁদের আটক করে। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। আটক ব্যক্তিদের মুর্শিদাবাদ জেলার খাগমারী বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছিল। বিএসএফের সঙ্গে ৭২-১০ এস নম্বর পিলারে পতাকা-বৈঠক হয়। বৈঠকের পর বেলা দুইটা ৪০ মিনিটের সময় বিএসএফ তাঁদের ছেড়ে দেয়।বিজিবির ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল গাজী মোহাম্মদ খালেদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ভারতীয় সীমানার মধ্যে ঢুকে পড়লে বিএসএফ তাঁদের আটক করে। ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি।’