পদ্মা নদী থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে স্পিডবোট-ডুবির ঘটনায় আজ শুক্রবার একজন চৌকস পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মো. নেছারউদ্দিন (৫০)। তিনি বঙ্গভবনে পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর ছিলেন। এ নিয়ে গত বুধবার রাতের ওই দুর্ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হলো। নেছারউদ্দিনের বাড়ি বরগুনার সদর উপজেলার আশাখালীতে। সূত্র জানায়, গত বুধবার রাত আটটায় ১১ জন যাত্রী নিয়ে মাওয়া ঘাট থেকে ছেড়ে আসা একটি স্পিডবোট শিবচরের কাঁঠালবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আরেকটি স্পিডবোটের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চালকসহ ১১ জন যাত্রী নিয়ে ওই স্পিডবোটটি পানিতে তলিয়ে যায়। পরে অন্য একটি স্পিডবোট এসে যাত্রীদের উদ্ধার করলেও তখন জানা যায় মহিউদ্দিন নামে একজন যাত্রী নিখোঁজ রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশের সহযোগিতায় স্বজনেরা মাছ ধরার জাল দিয়ে মহিউদ্দিন মোল্লার লাশ উদ্ধার করেন। এ সময় জানানো হয় আর কেউ নিখোঁজ নেই। কিন্তু আজ সকালে নেছারউদ্দিনের স্বজনেরা নিজেদের উদ্যোগে তল্লাশি চালিয়ে তাঁর লাশ উদ্ধার করেন। দুর্ঘটনায় নিহতের বাঁ-পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।