পদ্মা প্রকল্প থেকে সরে গেল এডিবিও
পদ্মা সেতু প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ শুক্রবার রাতে সংস্থাটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংককে অর্থায়নের জন্য করা অনুরোধ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশ্বব্যাংকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়। আজ শুক্রবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর রেশ না কাটতেই প্রকল্পে অর্থায়ন করবে না বলে জানিয়ে দিয়েছে এডিবি। বিবৃতিতে এডিবি জানিয়েছে, অর্থায়নে বিশ্বব্যাংক না থাকায় প্রকল্পে থাকতে চায় না সংস্থাটি। তবে প্রকল্পের গুরুত্ব তুলে ধরে এটি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়েছে বিবৃতিতে। এ ছাড়া বাংলাদেশে দারিদ্র্য বিমোচন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে সংস্থাটি। ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পের প্রধান অর্থদাতা প্রতিষ্ঠান ছিল বিশ্বব্যাংক। বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রকল্পে ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল বিশ্বব্যাংকের। এ ছাড়া এডিবির ৬১ কোটি, জাপানি উন্নয়ন সংস্থা জাইকার ৪০ কোটি এবং ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ১৪ কোটি ডলার দেওয়ার কথা ছিল। কিন্তু কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠায় ২০১১ সালের সেপ্টেম্বরে চুক্তি স্থগিত করে বিশ্বব্যাংক।