পদ্মা ও যমুনা নদীতে হঠাৎ পানি বাড়ার কারণে দুটি ঘাট সরে যাওয়ায় পারাপার বিঘ্নিত হয়ে পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। উভয় ঘাটে আটকা পড়েছে শত শত বাস ও পণ্যবাহী ট্রাক। দুর্ভোগের শিকার হচ্ছে হাজার হাজার যাত্রী।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ঘাট শ্রমিক সূত্রে এবং সরেজমিন গিয়ে দেখা গেছে, গত তিন দিন পদ্মা ও যমুনায় অস্বাভাবিকভাবে পানি বেড়ে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে।গত বুধবার মধ্যরাত থেকে দৌলতদিয়ার দুই নম্বর ফেরিঘাটের একটি পন্টুন ডুবে গেলে এটি দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা বন্ধ হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে একে একে দুই নম্বর ঘাটের বাকি পন্টুন ও তিন নম্বর ঘাটের পন্টুনটিও ডুবে বন্ধ হয়ে যায়। ফলে চালু থাকা কেবল এক নম্বর ঘাট দিয়ে যানবাহন ঠিকমতো পার করতে না পারায় উভয় ঘাটে যানবাহনের চাপ বাড়ে এবং যানজটের সৃষ্টি হয়। আজ বেলা আড়াইটার দিকে দৌলতদিয়ায় গিয়ে দেখা যায়, উদ্ধারকারী জাহাজ (আইটি ৮-৩৮৯) দিয়ে তিন নম্বর ফেরি ঘাটের ডুবে যাওয়া পন্টুনটি ওপরে তুলে যানবাহন চলাচলের উপযোগী করা হয়। দুই নম্বর ফেরি ঘাটের পন্টুনটি সরিয়ে কয়েক গজ দূরে বসানোর কাজ করা হচ্ছে। ঘাট মেরামত কাজে নিয়োজিত বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (মেরিন) আবদুল সাত্তার বলেন, পদ্মা-যমুনা নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় প্রথমে দৌলতদিয়ার দুই ও তিন নম্বর ফেরিঘাটের পন্টুনগুলো ডুবে যায়। এতে যানবাহন ঠিকমতো পার হতে না পারায় উভয় ঘাটে যানজটের সৃষ্টি হয়। তিনি আরও জানান, গতকাল পদ্মা ও যমুনা নদীতে ৪০ সেন্টিমিটার এবং আজ শুক্রবার আরও ৪০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ বলেন, ঘাটগুলো ঠিক হলে কাল শনিবার সকালের মধ্যেই যানবাহনের চাপ কমে আসবে বলে আশা করা হচ্ছে।