পদ্মা সেতু দুর্নীতি, বিশ্বব্যাংকের হাতে দৃষ্টান্ত তুলে দিয়েছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি বিষয়ে বিশ্বব্যাংকের হাতে একটা দৃষ্টান্ত (শো-পিস) তুলে দিয়েছে বাংলাদেশ। ভবিষ্যতে বাংলাদেশসহ সারা বিশ্বের বিভিন্ন প্রকল্পে এই দৃষ্টান্ত অনুসরণ করবে বিশ্বব্যাংক। আজ শনিবার বিবিসি বাংলাদেশ সংলাপের ২৩তম পর্বে এমনটাই এসেছে বক্তাদের বক্তব্যে। এই সংলাপ অনুষ্ঠানে সমসাময়িক বিষয়ে দর্শকেরা প্রশ্ন করেন এবং নির্বাচিত অতিথিরা এর জবাব দিয়ে থাকেন। আজকের অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি সাংসদ মইনুদ্দিন খান বাদল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও ব্যবসায়ী রুবানা হক। একজন দর্শক প্রশ্ন করেন, বিশ্বব্যাংক কানাডার পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করার ফলে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির যে অভিযোগ ছিল, তা স্পষ্ট হয়েছে কি না?জবাবে ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা বিশ্বব্যাংকের কাছে একটা শো-পিস তুলে দিলাম। সারা বিশ্বে দুর্নীতি হলেই বিশ্বব্যাংক পদ্মা সেতুর বিষয়টি শো-পিস হিসেবে ব্যবহার করবে।’ তিনি বলেন, এসএনসি-লাভালিনকে নিষিদ্ধ করার মাধ্যমে দুর্নীতির ধারণাটি আরও পরিষ্কার হয়েছে। তবে কানাডা বা বাংলাদেশের আদালতে প্রমাণ হওয়ার আগ পর্যন্ত বলা যাবে না, তা প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, পদ্মা সেতু প্রকল্পে এটা পরিষ্কার হয়েছে, সরকার অস্বীকৃতির মানসিকতা দেখিয়েছে এবং বিশ্বব্যাংক দাদাগিরি করেছে।শমসের মবিন চৌধুরী বলেন, পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির অভিযোগ দুর্নীতির পথিকৃত্ হয়ে থাকবে। এটা বাংলাদেশের জন্য লজ্জার। মইনুদ্দিন খান বাদল বলেন, ‘আবুল হোসেন আর হাসান যে-ই দুর্নীতি করে থাকুক না কেন, আপস করার কোনো সুযোগ নেই। তবে নামের আগে বিশ্ব আছে বলে কেউ মাতবরি বা দাদাগিরি করবেন—এটা হবে না।’রুবানা হক বলেন, পদ্মা প্রকল্প বিষয়ে বিশ্বব্যাংকের ওয়্যারড্রবে আরেকটি শো-পিস তুলে দেওয়া হয়েছে এটা সত্য। তবে বিশ্বব্যাংকের অভ্যন্তরীণ দুর্নীতির বিষয় উঠে এসেছে। এটাও বিবেচনায় নিতে হবে। দর্শকদের মধ্য থেকে প্রশ্ন করা হয়, বিরোধী দলের সঙ্গে সরকার সংলাপ নিয়ে আগ্রহ দেখাচ্ছে না, এটা কতটা যুক্তিযুক্ত?জবাবে শমসের মবিন চৌধুরী বলেন, তাঁদের মূল কথা নির্বাচনকালীন শাসনব্যবস্থা যাতে নির্দলীয় হয়। এই বিষয়ে সবাই এখন সংলাপের অপেক্ষায় আছে। বর্তমান রাজনৈতিক সব অস্থিরতার মূলে এই বিষয়টি জড়িত। তাই সবার এগিয়ে আসা উচিত। মইনুদ্দিন খান বাদল বলেন, ‘একদিন তো নির্বাচিত সরকারের অধীনে নির্বাচনে যেতে হবে। আজ একজনের সুসময়, অন্য জনের সমস্যা। আবার একজনের ভালো সময় আসবে। তখন অন্যজনের দুঃসময় হবে। তাহলে কবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে?’ইফতেখারুজ্জামান চৌধুরী বলেন, নির্বাচনকালীন সরকার কেমন হবে, এর সঙ্গে বর্তমানে দেশে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা সম্পৃক্ত। এ ধারা চলতে থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়া ঝুঁকিতে পড়বে। তাই উভয় পক্ষের মধ্যে আলোচনার পথ করে দেওয়ার জন্য তাঁরা নির্বাচনকালীন সরকারের একটা রূপরেখা দিয়েছেন। রুবানা হক বলেন, মানুষ শান্তিতে থাকতে চায়। এর জন্য সংলাপ দরকার। সেটা কোথায় হবে, রাজনীতিকদেরই ঠিক করতে হবে। ফটিকছড়িতে সহিংসতায় সরকারি দলের তিনজনের নিহত হওয়ার ঘটনা সন্ত্রাসী আক্রমণ, নাকি সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ—এই প্রশ্ন করা হয়। প্রশ্ন আসে বিদেশে বাংলাদেশের মিশনগুলো প্রবাসীদের জন্য কাজ করতে পারছে কি না?সংলাপ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আকবর হোসেন। প্রযোজনায় ছিলেন ওয়ালিউর রহমান মিরাজ।