পদ্মা সেতু দুর্নীতি মামলার আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলার আসামি সড়ক ও জনপথ বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবেরকে ১৩ মার্চের মধ্যে মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনকে পদ্মা সেতুর পরামর্শকের কাজ পাইয়ে দিতে ‘ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের’ অভিযোগে গত ১৭ ডিসেম্বর বনানী থানায় সাতজনকে আসামি করে দুর্নীতি দমন কমিশন মামলাটি করে। ওই মামলায় রিয়াজ আহমেদ জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। আদালতে আবেদনকারী পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন ও দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশিদ আলম খান শুনানি করেন। পরে খুরশিদ আলম খান প্রথম আলো ডটকমকে বলেন, আদালত গ্রেপ্তারের বিষয়ে কোনো নির্দেশনা না দিয়ে রিয়াজ আহমেদকে ১৩ মার্চের মধ্যে মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন।