পদ্মা সেতু নিয়ে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ মন্ত্রণালয়ের ওপর দাতাদের আস্থাহীনতার কারণে প্রস্তাবিত পদ্মা সেতুর কাজ শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই মধ্যে সেতুর নির্মাণকাজ তত্ত্বাবধানে পরামর্শক নিয়োগের দরপত্র-প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংকের অনুরোধে কানাডা সরকার তদন্ত শুরু করেছে। মূল সেতু, নদীশাসন, সংযোগ সড়ক নির্মাণসহ সব ধরনের কাজের দরপত্র অনুমোদন আটকে দিয়েছে বিশ্বব্যাংকসহ কয়েকটি দাতা সংস্থা।সেতুর নির্মাণকাজ শুরু না হলেও এরই মধ্যে এ প্রকল্পের এক হাজার ২১ কোটি টাকা খরচ হয়ে গেছে। জমি অধিগ্রহণ, নকশা প্রণয়ন এবং বেতন-ভাতা ও গাড়ি কেনা বাবদ এসব টাকা খরচ হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও সেতু বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ সফরে এসে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল এম গুয়েরেরোর সরকারের উচ্চপর্যায়কে জানিয়েছেন যে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির আশঙ্কা করছেন তাঁরা। একই সঙ্গে বিভিন্ন সময়ে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রকল্পে যে দুর্নীতি হয়েছে, তা তুলে ধরেন। পদ্মা সেতুর তদারকি প্রতিষ্ঠান নিয়োগ দরপত্রে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঠিকাদার বা পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের অনুমোদন দেওয়া হবে না বলেও জানান তিনি।এর আগে মূল সেতুর প্রাক-যোগ্যতা যাচাই দরপত্রেও দুর্নীতি হয়েছে— এমন অভিযোগ করে বিশ্বব্যাংকে নালিশ দেয় ভেঞ্চার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এটিও তদন্ত করছে বিশ্বব্যাংকের দুর্নীতিবিরোধী ইউনিট। এই অবস্থায় মূল সেতুর জন্য সেতু বিভাগ যে পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকা করেছিল, সেটার অনুমোদনও আট মাস ধরে আটকে রেখেছে বিশ্বব্যাংক। অবশ্য দরপত্র মূল্যায়ন কমিটির একজন সদস্য অভিযোগ করেন, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের স্থানীয় এজেন্ট ছিল ভেঞ্চার। এ প্রতিষ্ঠানটিকে প্রাক-যোগ্য করার জন্য বারবার বিশ্বব্যাংক দরপত্র মূল্যায়ন কমিটিকে অনুরোধ করেছিল। কিন্তু তারা ভুয়া কাগজপত্র জমা দেওয়ায় বাদ দেওয়া হয়েছে।সেতু বিভাগ গত জানুয়ারি মাসে পদ্মা সেতুর জন্য দুটি চীনা, একটি ফ্রান্স ও দুটি দক্ষিণ কোরিয়াভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রাক-যোগ্য বলে বিবেচনায় নেয়।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হতে পারে—এমন বক্তব্য ধারণাভিত্তিক। আমার কাছে এখনো কোনো ফাইল সই করার জন্য আনা হয়নি। তাই দুর্নীতির প্রশ্নই আসে না।’ যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কে দাতাদের আস্থার সংকট কেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগের সরকারের আমলের দুর্নীতির জন্য এমন হতে পারে। এ ছাড়া পত্রপত্রিকায় আমার সম্পর্কে লেখালেখির কারণেও দাতাদের ভুল ধারণা হতে পারে।’দাতা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির আশঙ্কা করে আসছে। দাতাদের দেওয়া শর্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর অর্থনৈতিক-বিষয়ক উপদেষ্টা মসিউর রহমানকে পদ্মা সেতু প্রকল্পের স ৎ পরামর্শক (ইন্টেগ্রিটি অ্যাডভাইজার) নিয়োগ দেওয়া হয়।বর্তমান সরকার এ মেয়াদেই পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছিল। সেতু বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নির্মাণ শেষ তো দূরের কথা, এই সরকারের আমলে কাজ শুরু করাই এখন বড় চ্যালেঞ্জ।জানতে চাইলে পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের প্রধান জামিলুর রেজা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা কাগজপত্র দেখে দরপত্র মূল্যায়ন করেছি। সন্দেহ হলে যাচাই করেছি। এর পরও শুনেছি, নামে-বেনামে দুর্নীতির অভিযোগ দেওয়া হচ্ছে বিশ্বব্যাংকে। আমরা শতভাগ নিশ্চিত কোনো অনিয়ম করিনি। আমাদের মূল্যায়ন কমিটির বাইরে কিছু হয়ে থাকলে তা আমরা জানি না।’ তিনি জানান, দাতারা এখন সব দরপত্রের অনুমোদন দিলে এবং এরপর আর কোনো জটিলতা তৈরি না হলে ২০১২ সালের সেপ্টেম্বরে নির্মাণকাজ শুরু হতে পারে। সে ক্ষেত্রে শেষ হবে ২০১৬ সালের শুরুতে।পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপানি ঋণদান সংস্থা জাইকা ও ইসলামী উন্নয়ন ব্যাংক অর্থ-সহায়তা দেওয়ার জন্য চুক্তি করেছে। ২১ হাজার কোটি টাকার এ প্রকল্পে এই চার সংস্থা দেবে প্রায় ১৮ হাজার কোটি টাকা। দ্বিতল এই সেতুর দৈর্ঘ্য হবে ৬ দশমিক ১৫ কিলোমিটার। এর ওপরের তলায় যানবাহন এবং নিচতলায় ট্রেন চলাচলের ব্যবস্থা থাকবে।দরপত্র অনুমোদন বন্ধ: পদ্মা সেতু প্রকল্পের পাঁচটি প্যাকেজের প্রতিটি দরপত্রের ঠিকাদার ও পরামর্শক নিয়োগে উন্নয়ন সহযোগীদের সম্মতি নিতে হয়। দুর্নীতির অভিযোগ ওঠার কারণে এখন অনুমোদনের প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে।পদ্মা সেতু প্রকল্পের পাঁচটি প্যাকেজের মধ্যে রয়েছে—মূল সেতু, নদীশাসন, সংযোগ সড়ক ও টোল প্লাজা নির্মাণ, সার্ভিস এলাকা তৈরি ইত্যাদি। এ ছাড়া নির্মাণকাজ তদারক ও ব্যবস্থাপনার জন্য পরামর্শক নিয়োগেও আলাদা দরপত্র হওয়ার কথা। এরই মধ্যে মূল সেতু ও নদীশাসনের দরপত্রের প্রাক-যোগ্যতা যাচাই প্রক্রিয়া শেষ হয়েছে। কিন্তু আট মাসেও দাতাদের অনুমোদন মেলেনি। তদারক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দরপত্রের প্রাক-যোগ্যতাও দুর্নীতির অভিযোগে অনুমোদন হয়নি। কানাডা পুলিশ ও বিশ্বব্যাংক এ বিষয়ে তদন্ত করছে। জাজিরা প্রান্তের সংযোগ সড়ক ও টোল প্লাজার জন্য কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রাক-যোগ্য হিসেবে অনুমোদন করেছে আইডিবি। চূড়ান্ত দরপত্র মূল্যায়ন হলেও আইডিবির অনুমোদন মেলেনি।মাওয়া প্রান্তের সংযোগ সড়ক ও টোল প্লাজা নির্মাণ, সার্ভিস এলাকা তৈরি এবং ব্যবস্থাপনা পরামর্শক নিয়োগের প্রাক-যোগ্যতা যাচাই দরপত্রও আহ্বান করা হয়নি।এসএনসি-ল্যাভালিন জট: সেতু নির্মাণে তদারকির জন্য দরপত্র আহ্বান করে পাঁচটি প্রতিষ্ঠানকে প্রাক-যোগ্য নির্বাচন করে সেতু বিভাগ। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: কানাডাভিত্তিক এসএনসি-ল্যাভালিন, ইংল্যান্ডের হালক্রো ও হাইপয়েন্ট রেন্ডাল, জাপানের ওরিয়েন্টাল, যুক্তরাষ্ট্রের মনসেল এইকম। এর মধ্যে এসএনসি-ল্যাভালিনকে সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচনায় নিয়ে অনুমোদনের জন্য গত জুন মাসে বিশ্বব্যাংকে পাঠানো হয়।বিশ্বব্যাংকের ঢাকা দপ্তর সূত্র জানায়, দরপত্রে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে অভিযোগ ওঠে, এই নির্বাচন-প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে। এর পরই বিশ্বব্যাংকের দুর্নীতিবিরোধী ইউনিট প্রাক-যোগ্যতা যাচাই প্রক্রিয়া তদন্ত শুরু করে। বিশ্বব্যাংকের অনুরোধে সম্প্রতি কানাডা পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।সেতু বিভাগ সূত্র জানায়, প্রথমে এই দরপত্র-প্রক্রিয়া মূল্যায়নে যে কমিটি করা হয়, তার প্রধান ছিলেন সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। সদস্য করা হয় প্রকল্প পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলীসহ সরকারি বিভিন্ন বিভাগের কয়েকজন কর্মকর্তাকে। তখন প্রকল্প পরিচালকসহ মূল্যায়ন কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাঁরা পদ্মা সেতু প্রকল্পের নকশাপ্রণেতা প্রতিষ্ঠান মনসেল এইকমকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। সে সময় মনসেল এইকমের সঙ্গে যোগাযোগমন্ত্রী ও প্রকল্প পরিচালক রফিকুল ইসলামের ব্যক্তিগত যোগাযোগেরও অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, ব্যক্তিগত যোগাযোগের কারণে পদ্মা সেতুর নকশা প্রণয়ন কাজেও এ প্রতিষ্ঠানকে অনৈতিক সুবিধা দেওয়া হয়েছে।এরপর এই কমিটি বাতিল করে জামিলুর রেজা চৌধুরীকে প্রধান করে নতুন কমিটি করা হয়। এ কমিটির পুনরায় মূল্যায়নে হালক্রো সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হয়। কিন্তু পরে কারিগরি বিবেচনায় পিছিয়ে আছে বলে হালক্রোকে বাদ দিয়ে এসএনসি-ল্যাভালিনকে সর্বনিম্ন দরদাতা বিবেচনা করে অনুমোদনের জন্য বিশ্বব্যাংকে পাঠানো হয়। এরপরই দরপত্র-প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে।খরচ হয়ে গেছে হাজার কোটি টাকার বেশি: মূল সেতুর নির্মাণকাজ শুরু না হলেও এরই মধ্যে এ প্রকল্পের এক হাজার ২১ কোটি টাকা খরচ হয়ে গেছে। এই অর্থের বেশির ভাগই সরকারের রাজস্ব খাত থেকে ব্যয় হয়।সেতু বিভাগ সূত্র জানায়, এই ব্যয়ের মধ্যে ৫১৮ কোটি টাকা ব্যয় হয়েছে জমি অধিগ্রহণে এবং ১৮৬ কোটি টাকা খরচ হয়েছে নকশা প্রণয়নে। বাকি ৩১৭ কোটি টাকা খরচ হয়েছে বেতন-ভাতা, গাড়ি ক্রয়, গাড়ির জ্বালানিসহ অন্যান্য খাতে।সূত্র জানায়, প্রকল্পের অধীনে ২০টি নতুন গাড়ি, দুটি স্পিড বোট ও ১৫টি মোটরসাইকেল কেনা হয়েছে। আগের গাড়ি আছে ১০টি। প্রকল্পের কাজ না থাকলেও এসব যানবাহন এখন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন।নকশা প্রণয়নে খরচ নিয়ে প্রশ্ন: ১০০ কোটি টাকার মধ্যে নকশা চূড়ান্ত করার কথা থাকলেও এই খাতে এখন ব্যয় দাঁড়িয়েছে ১৮৬ কোটি টাকা। ১৮ মাসের মধ্যে নকশা চূড়ান্ত করার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল মনসেল এইকমকে। দুই বছর আট মাস পরও মনসেল এইকম দায়িত্বে আছে।সেতু বিভাগ সূত্রে জানা গেছে, নকশা প্রণয়নে অর্থায়ন করে এডিবি। ২০০৯ সালে এডিবি বলেছিল এই খাতে সর্বোচ্চ ১০০ কোটি টাকা খরচ করতে। কিন্তু ২০০৯ সালের জানুয়ারিতে মনসেল এইকমকে ১১৬ কোটি টাকায় নিয়োগ দেওয়া হয়। প্রথমে বলা হয়েছিল, ২২ মাসে নকশা প্রণয়ন শেষ হবে। পরে দ্রুত প্রকল্প বাস্তবায়নের অজুহাতে তা কমিয়ে ১৮ মাস করা হয়। কিন্তু নকশা প্রণয়ন শেষ না করেই গত বছর পুরো টাকা তুলে নেয় মনসেল।কাজ শেষ হয়নি—এ যুক্তিতে নকশা প্রণয়ন খাতে আরও ৭০ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়। পাশাপাশি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তির সময়সীমা বৃদ্ধি করা হয়।বিশ্বব্যাংক-এডিবি রশি টানাটানি: পদ্মা সেতু প্রকল্পের দরপত্র এবং ঠিকাদার নিয়োগ বিশ্বব্যাংকের নীতিমালা অনুযায়ী হবে, নাকি অন্য উন্নয়ন সহযোগীদের নীতিমালাও অনুসরণ করা হবে—এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশ্বব্যাংক বলছে, সংস্থাটি যেহেতু সমন্বয়কারী ও সর্বাধিক অর্থদাতা, তাই তাদের নীতিমালা অনুযায়ী ঠিকাদার নিয়োগ হবে। কিন্তু এডিবি এতে রাজি হয়নি। ফলে এ নিয়ে জটিলতা তৈরি হয়।সেতু বিভাগ সূত্র জানায়, বিশ্বব্যাংকের নীতিমালায় বলা আছে, তারা কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে অতীত কার্যক্রমের জন্য কালো তালিকাভুক্ত করে থাকলে পদ্মা সেতু প্রকল্পে ওই প্রতিষ্ঠান অংশ নিতে পারবে না। এর ফলে মূল দরপত্রে যে পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়েছিল, তাদের মধ্যে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানিকে বাদ দিতে হবে। এ প্রতিষ্ঠানটিকে সম্প্রতি বিশ্বব্যাংক কালো তালিকাভুক্ত করেছে। এডিবি বলছে, তাদের কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানও দরপত্রে অংশ নিতে পারবে না—এটা যোগ করতে হবে। সঙ্গে এডিবির দুর্নীতিবিরোধী নীতিও দরপত্র দলিলে থাকতে হবে। দুই দাতা সংস্থার মতানৈক্যের পরিপ্রেক্ষিতে গত ১৪ আগস্ট যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন অর্থমন্ত্রীকে চিঠি লেখেন। চিঠিতে তিনি বলেন, দুই উন্নয়ন সহযোগীর মতানৈক্যের কারণে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে অনিশ্চয়তা তৈরি হয়েছে।