পদ্মা সেতু নির্মাণে আইডিবির সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণে ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সঙ্গে সরকারের ১৪ কোটি মার্কিন ডলার বা এক হাজার ২২ কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৩০ বছরের মধ্যে বাংলাদেশকে অতিরিক্ত ছয় কোটি ডলার বা ৪৩৮ কোটি টাকাসহ এই ঋণ পরিশোধ করতে হবে। এর পরপরই আইডিবির সঙ্গে ১২০ কোটি ৩১ লাখ টাকার ঘূর্ণিঝড় প্রবণ উপকূলীয় এলাকায় নিরাপদ পানির সরবরাহ ও সেনিটেশন প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে আইডিবি ১০৮ কোটি টাকা ঋণ দেবে আর বাকি টাকা ব্যয় করবে বাংলাদেশ সরকার। উপকূলীয় এলাকায় সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষ এই প্রকল্পের আওতায় আসবে। এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্প বাস্তবায়িত হবে। আজ মঙ্গলবার সকাল ১০টায় অর্থ মন্ত্রণালয়ে এ দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। দুটি চুক্তিতেই সফররত আইডিবির প্রেসিডেন্ট ড. আহমেদ মোহামেদ আলী ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্বাক্ষর করেন।এ সময় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব, সেতু বিভাগের সচিব, আইডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।