পদ্মা সেতু নির্মাণে জাইকার সঙ্গে ৪০ কোটি ডলারের চুক্তি
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের জন্য জাপানি সংস্থা জাইকার সঙ্গে ৪০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ বুধবার বিকেলে আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও জাপানের ঋণপ্রদানকারী সংস্থা জাইকার পক্ষে এ দেশীয় প্রধান তাকাও টুডা নিজ নিজ দেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, অন্যান্য দাতা সংস্থার প্রতিনিধিসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।যোগাযোগমন্ত্রী জানান, পদ্মা সেতু বাস্তবায়নের জন্য ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ২৪ মে এবং জুনের প্রথম সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে চুক্তি হবে। গত মাসে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়।এর বাইরে আজ খুলনা ওয়াটার সাপ্লাই প্রকল্প ১৮৩.৯৬ মিলিয়ন ডলারের ও এসএমই প্রকল্পে ৫৮.৪৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। জাপানের রাষ্ট্রদূত তামুত্সু শিনুত্সুকা ও বাংলাদেশের পক্ষে ইআরডির সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া চুক্তিতে স্বাক্ষর করেন।মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার এবং প্রস্থ হবে ২৫ মিটার। চার লেনবিশিষ্ট দ্বিতল এ সেতুর ওপরে যানবাহন চলবে এবং নিচে চলবে ট্রেন। দুই পাড়ে নদী শাসন করা হবে ১৪ কিলোমিটার। সংযোগসড়ক হবে ১২ দশমিক ১৬ কিলোমিটার। এর মধ্যে ১২ কিলোমিটারই জাজিরা প্রান্তে।পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য ১৬ হাজার ২৫০ কোটি টাকা এবং সরকার বহন করবে চার হাজার ২৫৭ কোটি টাকা।