পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। দুর্নীতিগ্রস্ত কোনো প্রতিষ্ঠান দিয়ে পদ্মা সেতুর কাজ না করানোর কথাও জানিয়ে দেন তিনি।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী বৈঠক করেন। সাড়ে তিন ঘণ্টার বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব এম আবদুল আজিজ ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব যৌথভাবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।মন্ত্রিপরিষদের সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রী পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স না দেওয়ার নির্দেশ দেন। প্রচলিত নিয়ম ও বিধিবিধান মেনে লাইসেন্স দেওয়ার কথা বলেন তিনি।বৈঠকে উপস্থিত ৪৮ জন সচিবের মধ্যে ২৪ জন বক্তব্য দেন। বিদেশে অবস্থান ও অসুস্থতাজনিত কারণে পাঁচজন উপস্থিত হতে পারেননি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক পরিচালনা করেন মন্ত্রিপরিষদের সচিব।সরকারের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য প্রভৃতি বিষয় আলোচনায় আসে। উন্নয়ন কর্মকাণ্ডে সচিবদের ভূমিকায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করলেও এই অবস্থা সুসংহত করে কাজে আরও ত ৎ পর হওয়ার নির্দেশ দেন।পদ্মা সেতু নির্মাণ প্রকল্প তদারকির জন্য প্রাক-নির্বাচনী তালিকায় থাকা কানাডীয় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদের সচিব বলেন, পদ্মা সেতুর নির্মাণ নিয়ে এ পর্যন্ত পাঁচটি অভিযোগ উঠেছে। এর মধ্যে চারটিই আগের সরকারের সময়ের। বর্তমান সরকারের সময়ে অভিযোগ মাত্র একটি। এর পরও বিষয়গুলো খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ, সরকার দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান দিয়ে পদ্মা সেতুর কাজ করাবে না।সড়ক প্রসঙ্গ: মন্ত্রিপরিষদের সচিব জানান, সড়ক রক্ষণাবেক্ষণ ও বেহাল সড়ক মেরামতে যোগাযোগ মন্ত্রণালয়ের ব্যর্থতার বিষয়ে প্রধানমন্ত্রী যোগাযোগসচিবের কাছে ব্যাখ্যা চান। জবাবে সচিব সময়মতো পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় কথা জানান।এ পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। তাই অগ্রাধিকার নির্ধারণ করে প্রথম থেকেই কাজ করা উচিত ছিল। ভবিষ্যতে অগ্রাধিকার নির্ধারণ করেই জনসম্পৃক্ত কাজগুলো করতে হবে।’প্রধানমন্ত্রীর অসন্তোষ: বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, পাঁচ সচিবের প্রতি প্রধানমন্ত্রী কিছুটা অসন্তোষ প্রকাশ করেন। সড়ক রক্ষণাবেক্ষণ কাজে অগ্রাধিকার কাজ নির্দিষ্ট করতে না পারায় প্রধানমন্ত্রী যোগাযোগসচিবের ওপর বিরক্তি প্রকাশ করেন। এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় সঠিক ভূমিকা রাখতে পারেনি বলে তিনি অর্থসচিবের ওপর অসন্তোষ প্রকাশ করেন। বৈঠকে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বলেন, বাংলাদেশ অচিরেই স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। এ জন্য রোডম্যাপ করা দরকার। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের সময় চুক্তির সাফল্য প্রচারে পররাষ্ট্র মন্ত্রণালয় তেমন ভূমিকা পালন করতে পারেনি। বর্তমান কাজটাই যারা পারেনি, ভবিষ্যতেরটা তারা কীভাবে করবে? একইভাবে ছিটমহল নিয়ে প্রচার না থাকায় স্বরাষ্ট্রসচিবের প্রতি তিনি অসন্তোষ প্রকাশ করেন। বাণিজ্যসচিবের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ৪৬টি শুল্কমুক্ত পণ্যের তালিকা করা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ ছিল। এটা তারা করতে পারেনি। প্রধানমন্ত্রীর কার্যালয়কে এ কাজ করতে হয়েছে।প্রধানমন্ত্রী বৈঠকে কয়েকজন সচিবের অনুপস্থিতির কথা জেনে সচিবদের ঘন ঘন বিদেশ সফরে বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, বিশেষ কোনো রাষ্ট্রীয় প্রয়োজন না হলে কোনো সচিবের বছরে পাঁচবারের বেশি বিদেশে যাওয়া উচিত নয়।ব্রিফিং: এম আবদুল আজিজ বলেন, প্রধানমন্ত্রী উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। গত বছর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের হার ছিল ৯২ ভাগ। এর আগের বছর ৯১ ভাগ এবং তার আগের বছর ছিল ৮৬ ভাগ। তিনি বলেন, ক্রম উন্নয়নের ধারায় উন্নয়ন বাজেটের পরিমাণ গত বছর দ্বিগুণ হওয়ার পরও বাস্তবায়নের গতি বেড়েছে। ৮ মে পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক হয়েছে ১২৪টি। এতে ৬৯৭টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার ৮৭ ভাগ।মন্ত্রিপরিষদের সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের কাজে অসন্তোষ প্রকাশ করেননি। তবে সচিবদের আরও কর্মত ৎ পর হওয়ার কথা বলেছেন।