পদ্মা সেতু নির্মাণে বিনিয়োগে আগ্রহী বিআইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। দেশের বেসরকারি খাতে বিমা কোম্পানিগুলোর ১৬ হাজার ২৯৯ কোটি টাকা লাইফ ফান্ডের একটি উল্লেখযোগ্য অংশ পদ্মা সেতু নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী তারা।আজ বৃহস্পতিবার মতিঝিলে বিআইএর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই আগ্রহের কথা জানান বিআইয়ের চেয়ারম্যান শেখ কবির হোসেন। একই সঙ্গে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নতি এবং বাংলাদেশের জনগণের স্বার্থে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।কবির হোসেন বলেন, ‘আমরা বিনিয়োগ করতে চাই। আমরা চাই পদ্মা সেতু তৈরি হোক। তাই আমরা লাইফ ফান্ডের অর্থ বিনিয়োগের আগ্রহী। আমাদের এগিয়ে আসা দেখে অন্যরাও বিশেষ করে প্রবাসীরা এগিয়ে আসুক, এটা আমরা চাই।’ তিনি জানান, লাইফ ফান্ডের ১৬ হাজার ২৯৯ কোটি টাকার মধ্যে প্রায় পাঁচ হাজার কোটি টাকা সরকারি বন্ডে জমা রয়েছে। বাকি প্রায় ১১ হাজার কোটি টাকা তাঁদের হাতে। সরকার চাইলে আলাপ-আলোচনার মাধ্যমে এই টাকা থেকে পদ্মা সেতুতে বিনিয়োগ করতে আগ্রহী তাঁরা।বিআইয়ের চেয়ারম্যান বলেন, ‘আমরা মনে করি, পদ্মা সেতু রাষ্ট্রের একটি জরুরি প্রকল্প। তাই এর দ্রুত বাস্তবায়নে সবার আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত।’ এ ক্ষেত্রে দেশের প্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠীগুলো রাষ্ট্রের এই বৃহত্ প্রকল্পে সরকারকে সহযোগিতা করতে পারে। এ ছাড়া সুশীল সমাজ, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, পরিকল্পনাবিদ ও বিভিন্ন গণমাধ্যমে গোলটেবিল বা টকশোর আলোচনায় পদ্মা সেতু প্রকল্প নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনকল্পে গঠনমূলক সমাধানের জন্য সরকারকে পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।