পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক রেকর্ড পরিমাণ অর্থায়ন করবে: যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন জানিয়েছেন, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ অর্থায়ন করার নিশ্চয়তা দিয়েছে। তবে চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই পদ্মা সেতুর ঠিকাদার নিয়োগের দরপত্র আহ্বান করার বিষয়ে নিশ্চয়তা দিতে পারেননি মন্ত্রী। আজ মঙ্গলবার বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক শেষে ব্রিফিংয়ের পর মন্ত্রী বলেন, সরকার প্রস্তুত। দাতাদের কাছে দরপত্র দলিলের খসড়া পাঠানা হয়েছে। তাদের অনুমোদন পেলেই দরপত্র আহ্বান করা হবে। তবে ফেব্রুয়ারিতে হবে কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি তিনি।যোগাযোগমন্ত্রী ব্রিফিংয়ে বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে ১২০ কোটি মার্কিন ডলার দেওয়ার কথা নিশ্চিত করেছে। এক প্রকল্পে এত বড় ঋণসহায়তা বাংলাদেশের ইতিহাসে আর পাওয়া যায়নি। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫৫ কোটি ডলার, জাইকা ৩৫ কোটি ডলারসহ সব দাতা মিলে ২৪০ কোটি মার্কিন ডলার দিতে রাজি হয়েছে।সৈয়দ আবুল হোসেন বলেন, তাঁর মন্ত্রণালয়ে দুর্নীতি ও অনিয়মের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানো হবে। মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন বিভাগের বড় প্রকল্পের ক্ষেত্রে যেসব চুক্তি বা সিদ্ধান্ত হয়েছে, সেগুলোর দলিলাদি স্বচ্ছতার স্বার্থে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) দেওয়া হয়েছে।সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাজ্যের বৈদেশিকবিষয়ক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) আবাসিক পরিচালক ক্রিস অস্টিন বলেন, যোগাযোগ খাতের বিভিন্ন সংস্থার দক্ষতা বৃদ্ধির জন্য সংস্কার দরকার। সরকারকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে। ঢাকার যানজট নিরসনে বহুমুখী গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর বৈঠকে জোর দেওয়া হয়েছে বলে তিনি জানান।ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক গতকাল সোমবার শুরু হয়। আজ তা শেষ হয়েছে।