পদ্মা সেতু নির্মাণে সারচার্জ আরোপের চিন্তা
পদ্মা সেতু নির্মাণে অভ্যন্তরীণ উত্স থেকে অর্থ সংগ্রহে সারচার্জ আরোপের চিন্তা করছে সরকার। যমুনা সেতু সারচার্জের মতো একই পদ্ধতিতে তা আরোপ করা যায় কি না, বিবেচনা করা হচ্ছে। আজ বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহম্মেদ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে এনবিআর কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। এনবিআরের চেয়ারম্যান জানান, সারচার্জ আরোপের কৌশল বের করতে ৩১ জুলাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক হবে। তবে তা এমনভাবে আরোপ করা হবে না, যাতে সাধারণ মানুষ চাপে পড়ে। সারচার্জ আরোপসহ সবকিছু নির্ভর করছে সরকারের ওপর। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে কাজ করছে আইআরডি। তিনি মত দেন, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের কাছ থেকে অর্থ পেলে ভালো হবে। সারচার্জের মতো অভ্যন্তরীণ উত্স থেকে অর্থ জোগাড়ের বিষয়গুলো বেশ দীর্ঘমেয়াদি। পদ্মা সেতু প্রকল্পে অনুদান দিলে কর রেয়াত পাওয়া যাবে। এ প্রসঙ্গে নাসিরউদ্দিন আহম্মেদ বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে অর্থায়নে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সবাই যাতে অংশীদার হতে পারে, এ জন্য কর রেয়াতের সুযোগ দেওয়া হচ্ছে।’আইআরডি সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই মন্ত্রিপরিষদের সভায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তখন সারচার্জ আরোপসহ অভ্যন্তরীণ উত্স থেকে অর্থ সংগ্রহের বিষয়টিও সিদ্ধান্তে স্থান থাকে।