পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশকে মোট ৪০ কোটি ডলার ঋণসহায়তা দেবে জাপান। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে অতিরিক্ত ১০ কোটি ডলার ঋণসহায়তা দেওয়ার কথা জানানো হয়। এর আগে সেতুটি নির্মাণের জন্য ২৯০ কোটি ডলারের বিশাল প্রকল্পে ৩০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল জাপান।গতকাল সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার শীর্ষ বৈঠকে এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা হয়। বিবৃতিতে বলা হয়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প বাস্তবায়নের জন্য জাপান সরকারের উন্নয়ন-সহায়তা (অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্ট— ওডিএ) ঋণের আওতায় অতিরিক্ত ১০ কোটি ডলার দেওয়া হবে।দুই নেতার শীর্ষ বৈঠকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে বাংলদেশি পণ্য বিশেষ করে নিটওয়্যারের জন্য ‘রুলস অব অরিজিন’ শিথিল করারও আশ্বাস দেন নাওতো কান। তিনি আরও আশ্বাস দেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মসূচি এবং বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করবে তাঁর দেশ। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বাংলদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে শেখ হাসিনার সৌজন্যে নৈশভোজের আয়োজন করেন নাওতো কান।নৈশভোজের আগে এক বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ‘বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক জোরদার এবং এর পরিধি বাড়ানোর পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করতে পেরেছি আমরা। আমি দৃঢ় প্রত্যয়ী, জাপান ও তার বন্ধুভাবাপন্ন জনগণ ডিজিটাল বাংলাদেশ গড়ার অভিযানে আমাদের পাশে থাকবে।’ শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যকার সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহারের স্বার্থে জাপান ও বাংলাদেশের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি সহায়ক ভূমিকা পালন করতে পারে।জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাপানে যেসব ব্যবসা তেমন লাভজনক হচ্ছে না, সেগুলো বাংলাদেশে স্থানান্তর করতে পারেন জাপানি উদ্যোক্তারা। কারণ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখন বাংলাদেশকে দ্বিতীয় লাভজনক অর্থনীতির দেশ হিসেবে বিবেচনা করা হয়।মুক্তিযুদ্ধের সময় জাপানের জনগণের সমর্থনের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং সন্ত্রাসবাদ প্রতিরোধ, পরমাণু অস্ত্রের বিস্তার রোধ, ব্যাপক বিধ্বংসী অস্ত্রের বিনাশ, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদে প্রার্থিতার ক্ষেত্রে জাপানের পক্ষে সমর্থন জানানোর অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ ও মশিউর রহমান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত জিয়াউদ্দিন, সাংসদ বীর বাহাদুর, আওয়ামী লীগের নেতা এম আখতারুজ্জামান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ অন্যদের মধ্যে নৈশভোজে অংশ নেন।এর আগে গতকাল বিকেলে জাপানের পররাষ্ট্রমন্ত্রী সেইজি মায়েহারা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল স্যুইটে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে বাংলাদেশি রপ্তানিপণ্যের জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস) সুবিধা লাভের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘রুলস অব অরিজিন’ শিথিল করার জন্য জাপান সরকারকে অনুরোধ করেন। আন্তর্জাতিক অঙ্গনে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন জাপানি পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। পরে জাপান ইন্টারন্যাশনাল ট্রেনিং কো-অপারেশন অরগানাইজেশনের (জেআইটিসিও) একটি প্রতিনিধিদলও শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থার সভাপতি শোতারো তোচিগি।জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎএদিকে পদ্মা সেতু নির্মাণে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) কাছে অতিরিক্ত ১৫ কোটি ডলার সহায়তা চেয়েছে বাংলাদেশ। জাইকার প্রেসিডেন্ট এস ওগাটা গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেল স্যুইটে সাক্ষাৎ করতে গেলে এই সহায়তা চাওয়া হয়। সংস্থাটি এর আগে এই প্রকল্পে ৩০ কোটি ডলার সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।বৈঠকে পদ্মা সেতু ছাড়াও গভীর সমুদ্রবন্দর, নতুন বিমানবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টা এবং ঢাকার যানজট নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করেন তাঁরা।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ৩১তম ইয়েন ঋণ প্যাকেজের আওতায় ৪২ কোটি ৪০ লাখ ডলারের তহবিল ছাড়ের জন্য জাপান সরকারকে ধন্যবাদ দেন এবং ৩২তম ইয়েন ঋণ প্যাকেজের আওতায় শিগগিরই তহবিল ছাড়ের অনুরোধ জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া জাপান সরকারের প্রতি অতিরিক্ত ঋণ মওকুফে পদপেক্ষ গ্রহণ এবং তাঁর সরকারের আর্থিক অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে সহায়তা করারও অনুরোধ জানান তিনি। জাইকার প্রেসিডেন্ট বাংলাদেশে রেলওয়ের প্রকল্পগুলো বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন।জেবিসিসিইসির মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে জাপানের সঙ্গে একটি সমন্বিত অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছেন এবং পারস্পরিক স্বার্থে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। টোকিওতে প্রধানমন্ত্রীর সম্মানে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতাবিষয়ক জাপান-বাংলাদেশ যৌথ কমিটি (জেবিসিসিইসি) আয়োজিত এক মধ্যাহ্ন ভোজসভায় তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থায় বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি ‘সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি স্বাক্ষরের দাবি রাখে।’শেখ হাসিনা আরও বলেন, ‘বিদ্যুৎ, অবকাঠামো, আইটি, নবায়নযোগ্য জ্বালানি, পরিবহন, টেক্সটাইলের মতো বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগে আপনাদের স্বাগত জানাই।’ বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স তাদের প্রণীত পরবর্তী ১১টি উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করেছে এবং আরেকটি মার্কিন আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগ্যান তাদের ফ্রন্টিয়ার ফাইভের মধ্যে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশের কথা স্বীকার করেছে।’ মধ্যাহ্নভোজে অন্যদের মধ্যে জেবিসিসিইসির সভাপতি তোশিহিতো তাম্বা এবং জাপান ও বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।