পদ্মা সেতু নির্মাণের প্যাকেজ ঘোষণা ২ মার্চ
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ মার্চ পদ্মা সেতু নির্মাণের প্যাকেজ ঘোষণা করবেন। খবর বাসসের।আজ মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ও পর্যালোচনা-বিষয়ক সভায় বক্তৃতাকালে মন্ত্রী এ কথা বলেন।ওবায়দুল কাদের আরও বলেন, ওই দিন জাজিরা কনস্ট্রাকশন ইয়ার্ডে দুই কিলোমিটার দীর্ঘ পদ্মা নদীর তীর রক্ষার কাজও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।প্রায় ৯৬ কোটি টাকা ব্যয়ে ভারত-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চারে এ কাজ ছয় মাসে সম্পন্ন হবে বলে মন্ত্রী জানান।যোগাযোগমন্ত্রী এ সময় জানান, প্রধানমন্ত্রী আগামী মার্চে মিরপুর-বনানী ফ্লাইওভার যান চলাচলের জন্য উন্মুক্ত করার পাশাপাশি ইন্দুরকানি সেতুর উদ্বোধন এবং কাজিরটেক (মাদারীপুর) ও লেবুখালী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।যোগাযোগমন্ত্রী আগামী বর্ষা মৌসুমের আগে বিদ্যমান রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী রাখতে সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীদের নির্দেশ দেন।সভায় সড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর, বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।