পদ্মা সেতু নিয়ে অনিশ্চয়তা কাটছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নিয়ে সরকার বলছে এক কথা, কিন্তু করছে অন্য কাজ। ফলে এখনো এ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সরকার শর্ত পূরণের অংশ হিসেবে কিছু সিদ্ধান্ত নিলেও আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংককে কিছু জানায়নি। ফলে বিশ্বব্যাংকও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিচ্ছে না।শর্ত পূরণ করলেও সরকার বিশ্বব্যাংককে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। ওয়াশিংটন থেকে ইতিবাচক মনোভাব জানতে পারার পরই সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে সরকারের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এদিকে সরকারের বিভিন্ন পর্যায় থেকেও পদ্মা সেতু নিয়ে নানা ধরনের কথাবার্তা বলা হচ্ছে। বিশেষ করে গত ২৯ জুন বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করার পর প্রধানমন্ত্রী সংসদে এবং সংসদের বাইরে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নিয়ে নানা কথা বলেছেন। এ সময় পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি দাবি করে পাল্টা বিশ্বব্যাংকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন তিনি। ৯ জুলাই মন্ত্রীপরিষদের সভায় নিজস্ব অর্থায়নে সেতু এবং বিশ্বব্যাংকের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আর না যাওয়ারও সিদ্ধান্ত হয়। অথচ এর কিছুদিন পরই, ২৫ জুলাই বিশ্বব্যাংকের দেওয়া চার শর্ত পূরণ করে আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি দেন অর্থমন্ত্রী। সেখানে বিশ্বব্যাংকের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি রাখে বলে অর্থমন্ত্রী বলেছেন। আবার এর এক দিন পরই লন্ডনে সেখানকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকই পদ্মা সেতুতে কমিশন খেয়েছে কি না প্রশ্ন তোলেন। তিনি সেখানে বলেছেন, নিজেদের পছন্দের প্রতিষ্ঠান কাজ পায়নি দেখেই বিশ্বব্যাংক আবুল হোসেনের সঙ্গে লেগেছে। বিশ্বব্যাংক তাদের পছন্দের প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগের জন্য বারবার চাপ দিচ্ছিল। সেই বিশেষ কোম্পানির কাছ থেকে কোনো কমিশন খেয়েছে কি না, আপনারা সাংবাদিকেরা সেটা খতিয়ে দেখেন।’ এসব কথাবার্তার কারণে বিশ্বব্যাংকের শর্ত পূরণ করেও পদ্মা সেতু প্রসঙ্গে সরকারের কথা ও কাজ নিয়েও একধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। ফলে অনিশ্চিত হয়ে আছে দাতাদের সহায়তায় পদ্মা সেতুর নির্মাণ। পদ্মা সেতুর ঋণ সহজে বাংলাদেশ পাচ্ছে না। এদিকে বাংলাদেশের মনোভাব হচ্ছে, পদ্মা সেতুতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ও জাপানি উন্নয়ন সংস্থার (জাইকা) সাহায্য বাংলাদেশ পেতে পারে। এই তিন সাহায্য সংস্থার সহায়তা পেলে বাংলাদেশ পদ্মা সেতু তৈরি করতে পারবে। তবে একা আইডিবি সম্মত হলে সেটি আর সম্ভব হবে না।তবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সূত্রগুলো বলছে, এক মাস ধরে ইআরডির কর্মকর্তারা এডিবি, জাইকা এবং আইডিবির সঙ্গে একাধিক বৈঠক করেছেন। বৈঠকে দাতা সংস্থাগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের প্রতি সহানুভূতি জানালেও প্রধান দাতা বিশ্বব্যাংকের ওপরই সবকিছু নির্ভর করছে বলে বাংলাদেশকে জানিয়ে দিয়েছে। এডিবি ও জাইকার প্রতিশ্রুত ঋণের মেয়াদ ৩১ জুলাই শেষ হচ্ছে।২৫ জুলাই জাপানের উন্নয়ন সংস্থা জাইকার প্রেসিডেন্ট বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে যেন পদ্মা সেতু প্রসঙ্গ উত্তোলন করেন সে জন্য জাইকার প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়ে ফোন করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, ওই বৈঠকে বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট কিছুটা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তবে দুর্নীতিবিরোধী কার্যক্রমে সরকার কতখানি আন্তরিক সে বিষয়ে আরও কিছু পদক্ষেপ নিতে হবে বলে ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিশ্বব্যাংক ও ইআরডির সূত্রগুলো বলছে, দুর্নীতির অভিযোগ নিয়ে সরকার কতটুকু আন্তরিক সেটাই দেখতে চায় বিশ্বব্যাংক। শর্ত পূরণ করতেই যে সৈয়দ আবুল হোসেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তা অর্থমন্ত্রী নিজেই বলেছেন। কিন্তু পদত্যাগপত্র গ্রহণ করে গেজেট আকারে তা প্রকাশ করা হয়নি। আবার দুর্নীতির ষড়যন্ত্র বিষয়ে সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে মূল অভিযোগ উঠলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়েছেন। অর্থমন্ত্রীও তাঁকে ‘সত্যিকারের দেশপ্রেমিক’ বলেছেন।আবার সৈয়দ আবুল হোসেনকে নিয়ে সরকার লুকোচুরি খেলেছে বলে দাতা সংস্থাগুলোর মধ্যেও আলোচনা রয়েছে। দাতা সংস্থার স্থানীয় প্রতিনিধিরা প্রকৃত তথ্য জানতে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করছেন। আনুষ্ঠানিকভাবে কোনো গেজেট প্রকাশিত না হওয়ায় সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ করা নিয়ে দাতাদের মধ্যে এর উদ্দেশ্য নিয়ে সংশয় ও সন্দেহ রয়েছে।