পদ্মা সেতু নিয়ে অহেতুক কথা নয়
পদ্মা সেতুর কাজ শুরুর আগে এ নিয়ে কোনো কথা বলতে রাজি নন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। দলীয় নেতা-কর্মীদেরও তিনি এ ব্যাপারে অহেতুক কথা না বলার পরামর্শ দিয়েছেন। তবে বিশ্বব্যাংক, নিজস্ব তহবিল বা অন্য যেকোনো অর্থায়নে পদ্মা সেতু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।আজ বৃহস্পতিবার সকালে ফেনী সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে সভায় যোগাযোগমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বাকি সময়ের মধ্যে নির্মাণকাজ শুরু হবে। সরকারের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।গত ১৫ বছরে ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলন না হওয়ার দায় কার—এ নিয়েও কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, দল যদি দুর্বল থাকে, সরকারও দুর্বল হয়ে পড়ে। এটি দলীয় সরকার। সরকার সাময়িক, কিন্তু দল হচ্ছে সব সময়ের। তিনি নেতা-কর্মীদের আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী চাইলে আগাম নির্বাচনও হতে পারে। বিভিন্ন দেশে সংসদীয় রীতিতে আগাম নির্বাচনের বিধান আছে।মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, বিদ্যুত্ ও রাস্তাঘাট—এ চারটি বিষয় সহনীয় রাখতে পারলে জনগণ স্বস্তি পাবে। জনগণ স্বস্তিতে থাকলে বিরোধী দলের আন্দোলনে তারা সাড়া দেবে না। তিনি নেতা-কর্মীদের জনগণের সঙ্গে ভালো আচরণ করার পরামর্শ দেন। অন্যথায় নির্বাচনে তার প্রভাব পড়তে পারে বলে সবাইকে সতর্ক করে দেন।