পদ্মা সেতু নিয়ে আবার আলোচনা শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ায় পদ্মা সেতু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।বিশ্বব্যাংকের এ দেশীয় পরিচালক অ্যালেন গোল্টস্টেইন আজ বুধবার নতুন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন। তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গেও বৈঠক করেছেন। আরেকটি বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে। এ ছাড়া অ্যালেন আগামী শনিবার যাচ্ছেন ওয়াশিংটনে। সেখানে পদ্মা সেতু নিয়ে আলোচনা হবে।সচিবালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে অ্যালেন গোল্টস্টেইন সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, এটি শুধু সৌজন্য সাক্ষাৎ। তবে সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু প্রকল্পের অর্থ ছাড় করার বিষয়ে বিশ্বব্যাংক ইতিবাচক মনোভাব দেখিয়েছে।এদিকে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে আজ রাতে পাঠানো এক বক্তব্যেও এটাকে সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করা হয়। মন্ত্রীর সঙ্গে বৈঠক সম্পর্কে অ্যালেন গোল্টস্টেইন বলেন, ‘এই বৈঠকটি চলমান সংলাপ-প্রক্রিয়ার অংশ হিসেবে পারস্পরিক আলাপ-আলোচনার শুরু। ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে আমার আসন্ন সফর শেষে ফিরে আসার পর আলোচনা অব্যাহত থাকবে।’পরে প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম বলেন, অ্যালেন গোল্টস্টেইন যোগাযোগমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি জানিয়েছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেনি। অর্থ ছাড় করার ব্যাপারে তারা ইতিবাচক। বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়ন খাতে কাজ করে যাবে।বিশ্বব্যাংক সদ্য সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে গত সেপ্টেম্বর মাসে পদ্মা সেতু প্রকল্পের অর্থ ছাড় স্থগিত করেছে। আজকের সৌজন্য সাক্ষাতের সময় অর্থ ছাড় দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়। সূত্র আরও জানায়, আধা ঘণ্টার সাক্ষাত্পর্বে পদ্মা সেতু প্রকল্পের অর্থ ছাড় করার ক্ষেত্রে পরবর্তী করণীয় কী, তা বিশ্বব্যাংকের পক্ষ থেকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে ব্যাখ্যা করা হয়।