পদ্মা সেতু নিয়ে এ সপ্তাহেই বিশ্বব্যাংককে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্বব্যাংককে অবস্থান ব্যাখ্যা করে চিঠি দেবে বাংলাদেশ। চলতি সপ্তাহেই এই চিঠি দেবেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান। এর পরই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সামগ্রিক বিষয়ে একটি প্রেসনোট দেবেন। এদিকে, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করাসংক্রান্ত কোনো চিঠি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপানি ঋণদান সংস্থা জাইকা সরকারকে দেয়নি। তবে ঋণ ছাড় স্থগিতের কথা অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। পদ্মা সেতু নিয়ে অর্থমন্ত্রী গতকাল রোববার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। সচিবালয়ে বৈঠকটি হলেও এ নিয়ে কোনো কথা বলেননি তিনি। যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেই বিশ্বব্যাংক ঋণ স্থগিত করেছে। তবে এই ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়নি বলে গতকাল মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। অর্থমন্ত্রীর আশাবাদ: অর্থমন্ত্রী গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, চলতি সপ্তাহের মধ্যেই পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান হয়ে যাবে। তিনি বলেন, ‘আমরা সমস্যা সমাধানের দ্বারপ্রান্তে। শিগগির এ বিষয়ে একটি সরকারি প্রেসনোট জারি করে সবকিছু জানানো হবে।’ অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান আজ-কালের মধ্যে বিশ্বব্যাংকের কাছে একটি চিঠি পাঠাবেন। আমিও বিশ্বব্যাংকের চেয়ারম্যানের কাছে আরেকটি চিঠি লিখব। যেদিন ওই চিঠি লিখব, প্রেসনোটটিও দেব সেদিনই।’ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি: পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল দুপুরে তাঁর মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের তোলা দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে ঋণসহায়তা স্থগিত করলেও তাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রকল্পটির দরপত্র প্রক্রিয়াই এখনো শেষ হয়নি। পাঁচ প্যাকেজের মধ্যে মাত্র একটির প্রাক-যোগ্যতা দরপত্র সম্পন্ন হয়েছে। সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। এ ধরনের প্রকল্পে অনেকে কাজ পেতে চান। কাজের তালিকা থেকে কেউ বাদ পড়লেই প্রশ্ন তুলতে পারে। এতে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কোনো কারণ দেখছি না।’এডিবি ও জাইকার পদক্ষেপ: পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করার বিষয়ে এডিবি ও জাইকার অবস্থান বিষয়ে সংস্থা দুটির বাংলাদেশ কার্যালয়ের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতিকে তাঁরাও প্রশ্রয় দেবেন না। বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পের সমন্বয়কারী। তাদের ঋণ স্থগিতের মানে হলো অন্যদেরটাও স্থগিত। এ ছাড়া বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগে ঋণসহায়তা স্থগিত রাখার সময় এডিবি ও জাইকার সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বব্যাংকের প্রতিশ্রুত ১২০ কোটি ডলারের বাইরে পদ্মা সেতু প্রকল্পের জন্য এডিবি প্রায় চার হাজার ৩০০ কোটি, জাইকা দুই হাজার ৮০০ কোটি এবং আইডিবির প্রায় ৯৮০ কোটি টাকা ঋণ দেওয়ার কথা রয়েছে।তিস্তা ও ট্রানজিট প্রসঙ্গ: সচিবালয়ে বিদায়ী ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার গতকাল অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এই বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, তিস্তা চুক্তির বিষয়টি এখনো অমীমাংসিত। কবে মীমাংসা হবে তাও বলা মুশকিল। তা ছাড়া তিস্তা চুক্তি যৌথ নদী কমিশনের (জেআরসি) ব্যাপার। জেআরসির বৈঠক হতে অনেক দিন লেগে যায়।রজিত মিত্তার এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘তিস্তা চুক্তির বিষয়ে উন্নতি হয়েছে। এর পেছনে লেগে আছি আমরা।’ ট্রানজিট নিয়ে অর্থমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বর্তমানে যে চুক্তি আছে, তার মেয়াদ শেষ হবে মার্চে। মার্চের আগেই মাশুল নির্ধারণ করা হবে। আগামী মাস থেকে এ ব্যাপারে শুরু হবে ভারতের সঙ্গে আলোচনা। অর্থমন্ত্রী বলেন, ‘বিএনপিও এখন ট্রানজিট নিয়ে আগের অবস্থানে নেই। তারা এখন ট্রানজিটের পক্ষে।’