পদ্মা সেতু নিয়ে কারসাজির ইঙ্গিত প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর ঋণ প্রকল্প বাতিল হওয়ার পেছনে কারসাজি রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন। জাতীয় সংসদে আজ বুধবার স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ইঙ্গিত দেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেল সোয়া পাঁচটার দিকে আজকের অধিবেশন শুরু হয়।স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, পদ্মা সেতু নির্মাণের জন্য বিশ্বব্যাংককে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে কি না। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সময় সড়ক উন্নয়নের ছয়টি প্রকল্প বাতিল হয়। তিনি ফজলুল অজিমকে বলেন, ‘যাঁর দরদে আপনি গতকাল (মঙ্গলবার) সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন, তিনি পদ্মা সেতুর কারসাজির সঙ্গে জড়িত বলে জেনেছি।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বব্যাংক যদি আসে, আসবে; না আসলে নিজেরা পদ্মা সেতু করব। কাজ বন্ধ থাকবে না।’প্রসঙ্গত, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ (সংশোধিত) সংসদে পাস হওয়ার প্রতিবাদে ফজলুল আজিম গতকাল মঙ্গলবার সংসদ থেকে ওয়াকআউট করেন।এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর জন্য সারচার্জ আরোপ করা দরকার হবে না। পদ্মা সেতু হবে। কিন্তু ব্যক্তিবিশেষ কেবল ব্যক্তিস্বার্থে দেশের ক্ষতি করে, এটা দুঃখজনক।’ তিনি বলেন, পদ্মা সেতুর অর্থায়নে সমস্যা হবে না। কবে কাজ হবে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, একটা ধাক্কার জন্য সময় লাগছে। তা ছাড়া পদ্মা খরস্রোতা নদী। সেখানে কেবল শীতকালে কাজ করা যায়।