পদ্মা সেতু নিয়ে চুক্তি ২১ ফেব্রুয়ারি
পদ্মা সেতু নির্মাণে ২১ ফেব্রুয়ারি মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা-স্মারক সই হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীতে সড়ক ও জনপথ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেন।তবে ঋণের সুদের হার ও অন্যান্য বিষয়গুলো আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। সেতু নির্মাণে দেশটি ৬৬০ কোটি রিংগিত দেবে। মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বার্নামা গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।দুর্নীতির অভিযোগ ওঠায় বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করে। বাংলাদেশ সরকার এ অভিযোগ অস্বীকার করে। পরে সরকারের পক্ষ থেকে বলা হয়, সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) চুক্তির আওতায় এই সেতু নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বলেন, বিশ্বব্যাংক দুর্নীতির প্রমাণ দিতে না পারলে পদ্মা সেতু প্রকল্পের জন্য সংস্থাটির কাছ থেকে অর্থ নেওয়া হবে না।মালয়েশিয়া গত সপ্তাহে এই সেতুর বিষয়ে কারিগরি ও অর্থায়ন-সংক্রান্ত একটি প্রস্তাব দেয় বাংলাদেশ সরকারকে। সরকার গত সপ্তাহে সেই প্রস্তাব গ্রহণ করে।প্রসঙ্গত, পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে ৬ দশমিক ১৫ কিলোমিটার। এতে রেল পারাপারের ব্যবস্থাও থাকবে।